আশঙ্কা আগেই করা হয়েছিল। মধ্য প্রাচ্যে সংঘাতের জেরে দাম বাড়বে পেট্রোলের । সত্যিই তাই হল। দাম বাড়ল পেট্রোলের। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার পেট্রোলেরও দাম বাড়ল। তবে শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়ল। প্রতি লিটারে দুই টাকা করে দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোলের। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। সাধারণ পেট্রোলের দাম এখনও অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুনঃ শুরু Countdown! বিকেলের পরই কলকাতায় প্রবল দুর্যোগ
হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে যে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটারে দুই টাকা করে বাড়ানো হচ্ছে। মধ্য প্রাচ্য়ের সংঘাতের জেরেই বিশ্ব বাজারে জ্বালানির দাম বেড়েছে। তবে সাধারণ পেট্রোলের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে।
প্রিমিয়াম পেট্রোলের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম লিটার প্রতি ২ টাকা থেকে ২ টাকা ৩০ পয়সা করে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে হাই অক্টেন ফুয়েল যেমন ইন্ডিয়ান অয়েলের এক্সপি৯৫ (XP95), হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার পেট্রোলের দাম বাড়তে চলেছে।
উল্লেখ্য, গাড়ির ইঞ্জিন আরও ভালভাবে কাজ করার জন্য এবং স্মুথ পারফরম্যান্সের জন্য এই প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ‘সে’! বিরল প্রাকৃতিক দুর্যোগের মুখে ভারত
বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা ও সংঘাতের মাঝেও সাধারণ পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি। অয়েল মার্কেটিং সংস্থা এইচপিসিএল আজই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে ক্রুড তেলের সরবরাহে কোনও সঙ্কট তৈরি হয়নি। অতিরিক্ত কার্গো আসছে। আগামিদিনে ভারতের তেলের সরবরাহ আরও মজবুত হবে।
যেহেতু সাধারণ পেট্রোলের দাম বাড়েনি, তাই বাস, ট্যাক্সির ভাড়া বৃদ্ধিরও এখন সম্ভাবনা নেই। তবে অটোর জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহেই অটোর জ্বালানির দাম ৫ টাকা বেড়েছিল, এই সপ্তাহে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এলএনজির সরবরাহেও টান পড়তে চলেছে।




