কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি; দেবজিৎ মুখার্জি, কলকাতা:
শনিবার মালদায় জনসভা করছে না সিপিএম ৷ মালদা কলেজে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা থাকায় জনসভার সিদ্ধান্ত বাতিল করল তারা ৷ দলের তরফে প্রবীণ আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুক্রবার কলকাতা হাইকোর্টে এ কথা জানান ৷
আরও পড়ুনঃ ট্রাম্পের ডাকে সাড়া দিল না ভারত! একঘরে মার্কিন প্রেসিডেন্ট
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশে, সিপিএম চাইলে প্রশাসনের সহযোগিতা নিয়ে অন্য কোনও জায়গায় এই জনসভা করতে পারে। জনসভা বাতিলের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছিল কলেজ ৷ আর তাই এদিন নজিরবিহীনভাবে সরস্বতী পুজার ছুটির সন্ধ্যায় বসে হাইকোর্ট ৷
একদিন আগে মালদা কলেজের মাঠে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে সভার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও । দুপুর 12টা থেকে বিকেল 4 টে পর্যন্ত সভা করতে অনুমতি দেয় আদালত। পাশাপাশি আদালতের নির্দেশ ছিল,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে পুলিশ। আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে আবেদন করে কলেজ কর্তৃপক্ষ ৷ সন্ধ্যায় সেই মামলার শুনানি হয়। এমনিতে সরস্বতী পুজো থাকায় এদিন হাইকোর্টে ছুটি ছিল ৷
আরও পড়ুনঃ আবহাওয়া আজ মূলত শুষ্ক ও শান্ত; আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া
জানা গিয়েছে, প্রথমে মালদা বৃন্দাবনি মাঠে সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল সিপিএম ৷ কিন্তু সেই আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএমের মালদা জেলার নেতারা ৷ আদালতের শুনানিতে উঠে আসে, মালদার যে মাঠে সিপিএম সভা করতে চেয়েছিল সেখানে আগে থেকেই একটি ক্রিকেট প্রতিযোগিতা হবে বলে ঠিক ছিল ৷ আর তাই পুলিশের তরফে মীনাক্ষীর সভার অনুমতি দেওয়া হয়নি ৷
এরপর সভার বিকল্প জায়গা হিসেবে উঠে মালদা কলেজের মাঠের প্রসঙ্গটি ৷ তাতে অনুমতি দেয় আদালত ৷ তবে পরীক্ষা থাকায় সেই সভা না-করার সিদ্ধান্ত নিল সিপিএম ৷ দলের তরফে আদালতে জানিয়ে দেওয়া হল,তারা সেখানে সভা করবে না ৷ এরপর সভার জন্য বিকল্প স্থান খোঁজার কথা বলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ শেষমেশ শনিবার মালদায় সভা হবে কি না তা নিয়ে বিস্তর জটিলতা দেখা গেল ৷
এদিকে কয়েকদিন আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে ইডি’র তল্লাশি অভিযানে বাধা দেওয়ার প্রতিবাদে নবান্নের সামনে ধর্না দিতে চান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর এই আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট ৷ আদালতের তরফে বলা হয় নবান্ন বাসস্ট্যান্ড অথবা মন্দিরতলা বাসস্ট্যান্ডে এই ধর্নায় বসার অনুমতি দেওয়া যেতে পারে ৷ তাই এই দু’টি জায়গার মধ্যে একটি জায়গা বেছে নিয়ে আদালতকে জানাতে হবে ৷









