আগামী সাত দিনের মধ্যে এসআইআরের শুনানি শেষ করতে হবে জেলাশাসকদের । মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে শুক্রবার এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সামগ্রিকভাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজের গতি বাড়ানোর কথাও বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৬-এ SIR-এর প্রভাব! ধোঁয়াশায় পর্ষদ
SIR-এর কাজ কতটা হয়েছে তা জানতে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে বিশেষ বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে এসআইআর নিয়ে বিস্তারিত কথা হয়েছে । কাজ সংক্রান্ত বিস্তারিত তথ্য় কমিশনের ফুল বেঞ্চকে দিযেছে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর । সেই ভার্চুয়াল বৈঠক থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর তারপরই জেলাশাসকদের জন্য নির্দেশিকা জারি করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলাশাসকদের পাশাপাশি ইআরও, এইআরও-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের জন্যও কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার জানুয়ারি মাসের শেষ দিন। সপ্তাহ দুয়েক বাদে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। যদিও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর ঠিক সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে কি না তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে । তবে সময়ের মধ্যে কাজ শেষ করতে কমিশন তৎপর। এদিন একাধিক নির্দেশিকা প্রকাশ করে সেই বার্তাই দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ হয়ে যেতে পারত ভয়ঙ্কর বিপদ! দৃশ্য দেখেই ছুটলেন স্থানীয়রা
কমিশনের নির্দেশ, আগামী সাতদিনের মধ্যে শুনানির কাজ শেষ করার পাশাপাশি সংশ্লিষ্ট নথিও আপলোড করে দিতে হবে। যেসব শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেগুলির ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে । শুনানিতে ভোটারদের উপস্থিতির তথ্য ও সংগৃহীত নথি আগামী ২রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড করতে হবে। তারপর তা বিশ্লেষণ করবেন কমিশনের আধিকারিকরা ।
নির্দেশিকার অন্য একটি অংশে বলা হয়েছে, আগামিকাল ৩১শে জানুয়ারি শনিবার বিকেল 5টার পর নতুন করে আর কাউকে শুনানির নোটিশ পাঠানো যাবে না। আগে সিদ্ধান্ত হয়েছে কিন্তু কোনও কারণে নোটিশ পাঠানো যায়নি এমন ভোটারদের কাছে ১লাফেব্রুয়ারি বাধ্যতামূলকভাবে নোটিশ পৌঁছে দিতে হবে। নোটিশ যে দেওয়া হয়েছে সেই তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড করার দায়িত্ব সংশ্লিষ্ট বিএলওদের । এদিকে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে জেলার শুনানি কেন্দ্রগুলি থেকে মাইক্রো অবজার্ভারদের তুলে নিয়ে রোল অবজার্ভারদের সহায়তায় নির্যুক্ত করা হবে বলে ঠিক করেছে কমিশন।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে গত কয়েকমাসে একাধিক অভিযোগ উঠেছে । এবার উঠল শুনানির রসিদে কারচুপির অভিযোগ ! রিসিভ কপিতে এইআরও-র স্বাক্ষর কেটে সেই জায়গায় খাদ্য দফতরের স্ট্যাম্প মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ৷ এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয় এলাকা ৷ ঘটনার জেরে শুরু হয় তুমুল বিক্ষোভ। বন্ধ হয়ে যায় এসআইআর শুনানি ৷









