২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আর ভোটের মুখে রাজ্যে পুলিশ ও প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল শুরু করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার একটি নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার পদে নিযুক্ত হচ্ছেন আইপিএস ত্রিপুরারি অথর্ব।
আরও পড়ুনঃ “জিতে বিজেপিতে যাব”, সংঘকে প্রস্তাব তৃণমূল প্রার্থীর!
১৭ এপ্রিল তারিখের এই নির্দেশিকায় জানানো হয়েছে, ত্রিপুরারি অথর্বকে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন । রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে কমিশন নির্দেশ দিয়েছে যে, এই বদলির কাজ ১৮ এপ্রিল সকাল ১১টার মধ্যে সম্পন্ন করতে হবে।‘
নির্বাচন চলাকালীন অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কমিশন সাধারণত স্পর্শকাতর পদগুলিতে রদবদল করতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো ইমেলের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধাননগর এলাকা কলকাতার সংলগ্ন হওয়ায় এবং প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানকার পুলিশ কমিশনারের পদে বদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ‘গণতন্ত্রের পরাজয়’! পাশ হল না মহিলা সংরক্ষণ বিল
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে আনা হয়েছে। এ ছাড়াও সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার (সদর) এবং দেবস্মিতা দাসকে যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে নিয়োগ করা হয়েছে।
ভোটের আগে এই আইপিএস রদবদলকে কেন্দ্র করে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে নবান্ন থেকে নিউ টাউন। ত্রিপুরারি অথর্বের মতো অভিজ্ঞ অফিসার বিধাননগরের দায়িত্বে আসার পর নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কতটা প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।



