দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের শহরগুলিতে সিএনজি-র দাম আজ আরও একবার বাড়ানো হয়েছে। দু’দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিএনজির দাম বাড়ানো হয়েছে। রবিবার সকালে দিল্লি এবং সংলগ্ন নয়ডা এবং গাজিয়াবাদে সিএনজির দাম প্রতি কেজি ১ টাকা বাড়ানো হয়েছিল। এই আবহে দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৮০.০৯ টাকা হয়েছে। নয়ডা-গাজিয়াবাদে সিএনজি-র দাম প্রতি কেজিতে ৮৮.৭০ টাকা হবে। এর আগে গত ১৫ মে প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল সিএনজির দাম। সেদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছিল।
আরও পড়ুনঃ ‘পুলিশ মার খাচ্ছে, এমন খবর যেন কানে না আসে’, পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গত ১৫ মে কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছিল পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছিল ৩.১১ টাকা। এই আবহে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হয় ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হয়। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়। এদিকে সেদিন কলকাতায় সিএনজির দামও বেড়েছিল ৩ টাকা করে।
আরও পড়ুনঃ সরল ‘বিশ্ববাংলা’ লোগো, বসল অশোকস্তম্ভ, বদলে গেল যুবভারতী
এর আগে গত ১ মে কলকাতায় লিটার প্রতি অটো এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়েছিল। চলতি বছরে এখনও পর্যন্ত অটো এলপিজির দর মোট ৩৭ টাকা ৭৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে অটো এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। এর আগে গত ১১ মার্চ অটোয় ব্যবহৃত এলপিজির দাম বেড়ে হয়েছিল ৬২ টাকা ৬৮ পয়সা। এর পরে ২০ মার্চ দাম বেড়ে হয় ৭০ টাকা ৬৮ পয়সা। এরপর গত ১ এপ্রিল ফের একদফায় অটোর এলপিজি বেড়ে হয় ৮২ টাকা ৯৬ পয়সা। পরে ১ মে দাম বেড়ে লিটার প্রতি ৮৯.৪০ টাকা হয়। এরই সঙ্গে ৫ কেজি ওজনের ঘরোয়া ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ২৬১ টাকা। এদিকে গত ১ মে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৯৯৪ টাকা। এই আবহে কলকাতায় ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম ৩০৭১.৫০ টাকা হয়েছে।


