বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ইতিহাসে অবিস্মরণীয় নাম তেনজিং নোরগে শেরপা । আজ, ২৯ মে, তাঁর ১১২তম জন্মজয়ন্তী এবং ৭৩তম আন্তর্জাতিক এভারেস্ট দিবস । এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়িতে আয়োজিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান । একইসঙ্গে, কিংবদন্তি এই পর্বতারোহীকে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার দাবিকে আরও জোরালো করতে শিলিগুড়ি পুরনিগমের মাসিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে ।
আরও পড়ুনঃ জাল নথি নিয়ে ভারত থেকে পালতে গিয়ে পানিট্যাংকি সীমান্তে আটক ২ থাই মহিলা
এদিন শিলিগুড়ি পুরনিগম, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এবং শেরপা বোর্ডের যৌথ উদ্যোগে শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে তেনজিং নোরগের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ পুরনিগমের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপা কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা ।

প্রতি বছর এভারেস্ট দিবসেই তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবিটি নতুন করে সামনে উঠে আসে । এটি কেবল পাহাড়, তরাই বা ডুয়ার্সের মানুষের দাবি নয়; এই দাবি এখন সমগ্র উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের এবং বিশ্বের অসংখ্য পর্বতারোহীর আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে । এভারেস্টের দুর্গম শৃঙ্গ প্রথমবার জয়ের মাধ্যমে তিনি যে সাহসিকতার নজির স্থাপন করেছিলেন, তার জন্য তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্ট মহল ।

এই আবেগ ও দাবির প্রেক্ষিতে শিলিগুড়ি পুরনিগম শুক্রবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে । পুরনিগমের মাসিক অধিবেশনে তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের বিষয়টি উত্থাপন করেন মেয়র গৌতম দেব । অধিবেশনে উপস্থিত কাউন্সিলর ও সদস্যরা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন ।
আরও পড়ুনঃ ফিরছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি! সরকারের আয় বাড়াতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, “তেনজিং নোরগে শেরপা ভারতের গর্ব । দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়িত করতে আমরা বদ্ধপরিকর । পুরনিগমের পক্ষ থেকে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভারত সরকারের কাছে পাঠানো হবে । আমরা আশা রাখি, কেন্দ্রীয় সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁকে যথাযোগ্য রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করবেন ।”

উল্লেখ্য, দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত তেনজিং নোরগের মূর্তির পাদদেশেও পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা এদিন শহরজুড়ে দিনটির গুরুত্ব ও আবেগকেই তুলে ধরেছে ।



