রাজ্য রাজনীতিতে এবার সবথেকে বড় ওলটপুরাণ। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ৩ প্রাক্তন হেভিওয়েট সাংসদ, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে গিয়ে তাঁরা পদ্ম শিবিরে শামিল হন।
আরও পড়ুনঃ হাসপাতালে কীভাবে চিহ্নিত হবে দালাল? বড় উদ্যোগ খুব কড়া হেডমাস্টারমশাই শুভেন্দু অধিকারীর
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই তিন প্রাক্তন জোড়াফুল সাংসদের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে তাঁদের দলে স্বাগত জানান। সদ্য তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া এই তিন নেতার পদ্ম-যোগ আগামী ২৪ জুলাইয়ের রাজ্যসভা উপনির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই হাই প্রোফাইল যোগদান পর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে উন্নয়নের গতি সচল রাখতে এবং মোদীজির জনকল্যাণমুখী নীতির ওপর ভরসা রেখে তাঁরা আমাদের দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাঁদের এই অন্তর্ভুক্তি রাজ্যে আমাদের সংগঠনকে আরও মজবুত করবে।”
আরও পড়ুনঃ বামপন্থী বুদ্ধিজীবীদের মাথায় ডিম ছোড়ার নিদান দিলীপ ঘোষের
সুখেন্দুশেখর রায় বা সুস্মিতা দেবের মতো বর্ষীয়ান ও জাতীয় স্তরের পরিচিত মুখ, এবং উত্তরবঙ্গের চা বলয়ের প্রভাবশালী নেতা প্রকাশ চিক বরাইকের একসঙ্গে দলবদল রাজ্যে বিজেপির শক্তি বাড়াতে সাহায্য করবে বলেই মত অনেকের। কয়েক দিন আগেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই তিন নেতার সাক্ষাৎকারের পরই দলবদলের চিত্রটা স্পষ্ট হতে শুরু করেছিল।
আজ সল্টলেকের বিজেপি দপ্তরে সেই জল্পনাই বাস্তবে রূপ নিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে এই তিন জনকেই প্রার্থী করে রাজ্য রাজনীতিতে তৃণমূলকে পাল্টা চাল দিতে পারে বিজেপি।


