কলকাতা:
সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা এবং প্রতিষ্ঠান ভাঙচুর রুখতে কঠোর অবস্থান নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সাম্প্রতিক সময়ে মেডিক্যাল কলেজ, নিউটাউনের বেসরকারি হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের গ্রামীণ হাসপাতালে হামলার ঘটনার প্রেক্ষাপটে নয়া নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট আরও কঠোরভাবে বলবৎ করা হচ্ছে।
আরও পড়ুনঃ শৃঙ্খলারক্ষায় কঠোর হল বিজেপি, শিলিগুড়িতে সোনা চুরিতে ধৃত যুবনেতা নয়ন সরকারের পদ বাতিল
নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কিংবা স্বাস্থ্যকেন্দ্রে কোনো স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা বিঘ্নিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষত, কোনো স্বাস্থ্যকর্মীর গায়ে হাত দিলে অথবা হাসপাতাল বা নার্সিংহোম ভাঙচুর করলে অভিযুক্তের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি দোষী ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলেও স্পষ্ট জানানো হয়েছে।
স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, এই ধরনের ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীকে মারধর এবং হাসপাতাল বা নার্সিংহোম ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রশাসনকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ চিনির দামে ছ্যাঁকা; কলকাতায় কেজি প্রতি ৭০ টাকা, আবারও বাড়ছে চিনির দাম
শুধু জরিমানা বা কারাদণ্ডই নয়, সাজার পাশাপাশি ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণ দিতেও বাধ্য থাকবেন হামলাকারীরা। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভাঙচুর করলে আদালত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে এবং আদালতের নির্ধারিত বিধান অনুযায়ী সেই ক্ষতিপূরণের অর্থ হামলাকারীর কাছ থেকেই আদায় করা হবে।
ইতিমধ্যেই প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে এই নির্দেশিকার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নয়া নির্দেশিকাকে সাধুবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের তরফে ডা. রাজীব পাণ্ডে বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ এবং রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা বজায় রাখার জন্য এমন নির্দেশিকা অপরিহার্য।


