নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে নতুন করে ধস নামায় উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি এড়াতে এবং গণপরিবহণ স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক বড় পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। কলকাতা-শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রুটে একগুচ্ছ অতিরিক্ত সরকারি ও স্পেশাল বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে এই বিশেষ অতিরিক্ত বাস সেবার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের উপস্থিতিতে পরিষেবাটি চালু হবে। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ মানবিকতার অনন্য নজির ভারতীয় রেলের; একরত্তির মুখে দুধ তুলে দিতে নৈহাটিতে থামানো হলো ট্রেন
রুটভিত্তিক অতিরিক্ত বাসের সংখ্যা ও বিন্যাস
যাত্রীদের ভিড় সামলাতে এনবিএসটিসি (NBSTC) ও এসবিএসটিসি (SBSTC)-র মাধ্যমে রুটগুলিতে বিশেষ বাস নামানো হয়েছে:
-
কলকাতা – শিলিগুড়ি: আজ দিনভর মোট ২৩টি অতিরিক্ত বাস চালানো হয়েছে। এর পাশাপাশি মালদহ পর্যন্ত চলা একটি বাস রুট বাড়িয়ে শিলিগুড়ি পর্যন্ত করা হয়েছে। (গতকাল রাতেও ৬টি অতিরিক্ত বাস চালানো হয়েছিল)।
-
শিলিগুড়ি – কলকাতা: আজ মোট ১৮টি বাস চলাচল করছে, যার মধ্যে ১২টি অতিরিক্ত বাস।
-
অন্যান্য রুট: দুর্গাপুর–বালুরঘাট রুটে ২টি, কলকাতা–বালুরঘাট রুটে ২টি অতিরিক্ত বাস এবং মালদহ–কলকাতা রুটে ৫টি বাস চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ আপাতত ট্রেন চলার কোনও আশাই নেই! ফরাক্কায় আরও বড় বিপর্যয়
ধর্মতলা (নিউ এসপ্ল্যানেড) থেকে এনজেপি বাস টার্মিনাস: সন্ধ্যাকালীন বিশেষ সময়সূচি
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের সুবিধার জন্য কলকাতার নিউ এসপ্ল্যানেড টার্মিনাস থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি (NJP) বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস চালানো হচ্ছে:
| বাস ছাড়ার সময় | গন্তব্য ও রুট |
| বিকেল ৫:৩০ মিনিট | নিউ এসপ্ল্যানেড (কলকাতা) থেকে এনজেপি বাস টার্মিনাস (শিলিগুড়ি) |
| সন্ধ্যা ৬:৩০ মিনিট | নিউ এসপ্ল্যানেড (কলকাতা) থেকে এনজেপি বাস টার্মিনাস (শিলিগুড়ি) |
| সন্ধ্যা ৭:৩০ মিনিট | নিউ এসপ্ল্যানেড (কলকাতা) থেকে এনজেপি বাস টার্মিনাস (শিলিগুড়ি) |
| রাত ৮:৩০ মিনিট | নিউ এসপ্ল্যানেড (কলকাতা) থেকে এনজেপি বাস টার্মিনাস (শিলিগুড়ি) |
| রাত ৯:০০ টা | নিউ এসপ্ল্যানেড (কলকাতা) থেকে এনজেপি বাস টার্মিনাস (শিলিগুড়ি) |
| রাত ৯:৩০ মিনিট | নিউ এসপ্ল্যানেড (কলকাতা) থেকে এনজেপি বাস টার্মিনাস (শিলিগুড়ি) |
বাড়তি ভাড়া ও কালোবাজারি রোখে কড়া নির্দেশ
যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও বাস নামানোর জন্য NBSTC ও SBSTC-র ম্যানেজিং ডিরেক্টরদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সাথে জেলাশাসকদের (DM) নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন বেসরকারি বাস মালিক সংগঠনগুলির সঙ্গে সমন্বয় রেখে অতিরিক্তি বাস নামানোর বন্দোবস্ত করেন। এই জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো বাস অপারেটর যাতে অতিরিক্ত বা অযৌক্তিক ভাড়া না আদায় করতে পারে, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।


