ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করলে সামরিক হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়ায় আমেরিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। ক্রমশ তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া। মস্কোর স্পষ্ট বার্তা, ইরানের উপর সামরিক হামলার ফল ভয়াবহ হতে পারে।
আরও পড়ুন: লক্ষ্য সীতারামের উত্তরসূরি খোঁজা, প্রশ্ন অতিরিক্ত মমতা বিরোধিতা নিয়েও, উত্তর খুঁজবে সিপিএম
পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে, তারা কোনওভাবেই মার্কিন চাপের কাছে মাথা নত করবে না। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি— চুক্তি না মানলে ইরানকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। পাল্টা জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা চুপ করে বসে থাকবে না। যুক্তরাষ্ট্রকে ‘কঠোর প্রতিশোধমূলক আঘাত’ করার হুমকি দিয়েছে তারা।
মার্কিন-ইরান উত্তেজনা যখন চরমে, তখনই হস্তক্ষেপ করল রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়ে দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা হুমকি ও পাল্টা হুমকির নিন্দা করছি। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইরানের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে না দেয়, কারণ এর পরিণতি ভালো হবে না।”
আরও পড়ুন: রামনবমীতে অশান্তির আশঙ্কা! পুলিশের ছুটি বাতিল
বিশ্লেষকদের মতে, মার্কিন-ইরান সম্পর্কের এই টানাপোড়েন যুদ্ধের দিকে গড়ালে তা গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলতে পারে। ট্রাম্পের লাগাতার হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন কূটনীতিকরা। এখন দেখার, দুই দেশ শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটে নাকি সংঘাত অনিবার্য হয়ে ওঠে।







