দময়ন্তী সেন নামে হাওড়ার ১৫ বছর বয়সী প্রতিভাবান রাইফেল শুটার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়ে নিয়মিত অনুশীলন করতেন। কিন্তু বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ। তার মোবাইল ফোনও বাড়িতেই রয়েছে।
আরও পড়ুনঃ প্রশ্নের মুখে গগনযানের স্বপ্ন! ইসরোর চাকরি ছাড়ছেন বিজ্ঞানীরা
পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে দোকানে কেনাকাটায় গিয়েছিলেন দময়ন্তী, এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের খোঁজাখুঁজি সত্ত্বেও তার কোনও সন্ধান মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালানো হলেও লাভ হয়নি, ফলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে তাকে শেষবার দেখা গেছে। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, মেয়ের জাতীয় দলে ট্রায়ালের সুযোগ ছিল এবং সে ভালো সাফল্য অর্জন করেছে। প্রতিদিন সকালে অনুশীলন করত, তাই বুধবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মোবাইলও বাবার কাছেই ছিল। বাড়িতে কোনও অশান্তি ছিল না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন; নৈহাটি জংশনে আধুনিকীকরণের কাজ
তবুও কেন এমন ঘটলো, তা বোঝা যাচ্ছে না। পরিবার ও সতীর্থরা উদ্বিগ্ন। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।


