দিনের শুরুতেই ব্যাহত হল মেট্রোরেল পরিষেবা। দীর্ঘ ক্ষণ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ভাঙা পথে পরিষেবা চালু রাখা হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিভ্রাট হয়। প্রায় এক ঘণ্টা পরে ৮টা ২০ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ মধ্যবিত্তের মাথায় হাত, চুপ সরকার থেকে বিরোধী, চলছে SIR রাজনীতি! সরস্বতী পুজোর আগেও সস্তা হলনা সবজি
মেট্রো সূত্রে জানা গেছে, সকালে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোকে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেখানে যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে বলা হয়। একই সময়ে ময়দান স্টেশনেও রবীন্দ্রসদনমুখী একটি মেট্রো থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর পরই প্রতিটি স্টেশনে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
এই ঘটনার জেরে ব্লু লাইনে আংশিক পথে মেট্রো চলাচল চালু রাখা হয়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। তবে রবীন্দ্রসদন ও রবীন্দ্র সরোবরের মাঝের অংশে সম্পূর্ণ পরিষেবা বন্ধ থাকায় যাত্রাপথে বড়সড় ছেদ পড়েছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে স্টেশনগুলিতে লাগাতার ঘোষণা করা হচ্ছে যে, রবীন্দ্রসদনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যা পুরোপুরি মিটে না যাওয়া পর্যন্ত পরিষেবা আংশিকভাবেই চালু থাকবে বলে জানানো হয়েছে।
হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীই বিপাকে পড়েন। কর্মস্থলে পৌঁছতে বিকল্প পরিবহণের খোঁজে স্টেশন ছাড়েন অনেকে। ফলে স্টেশন চত্বরে ভিড় বাড়তে শুরু করে। বিশেষ করে সকালের প্রথম দিকের মেট্রোগুলিতে বহু স্কুলপড়ুয়া থাকে। বয়সে ছোট পড়ুয়ারাও অনেক সময় একাই মেট্রোয় যাতায়াত করে।
আরও পড়ুনঃ আজ সরস্বতী পুজোর আগের দিন, বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া
হঠাৎ মেট্রো থেকে নেমে যেতে বলা হলে বিভ্রান্ত হয়ে পড়ে অনেক স্কুলপড়ুয়া। ভিড়ের মধ্যে কী করবে বুঝতে না পেরে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ে। পরে কোনও রকমে স্টেশন থেকে বেরিয়ে বাস বা ট্যাক্সি ধরে স্কুলে পৌঁছোনোর চেষ্টা করে তারা।
এই যান্ত্রিক ত্রুটি কবে পুরোপুরি ঠিক হবে এবং কবে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সময়সীমা জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। ফলে সকাল থেকেই অনিশ্চয়তার মধ্যে যাতায়াত করতে হচ্ছে কলকাতাবাসীকে।
বিগত কয়েক মাসে কয়েক দিন অন্তর অন্তর মেট্রো পরিষেবায় গোলযোগ দেখা যাচ্ছে। এই নিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভের শেষ নেই। কিন্তু যতই ক্ষোভ বাড়ুক না কেন, মেট্রো পরিষেবার উন্নতি হচ্ছে না। কিছুদিন ভালভাবে চলার পর সেই একই ছবি ধরা পড়ছে কোনও না কোনও স্টেশনে। এই ঝঞ্ঝাট থেকে কবে পুরোপুরি মুক্তি মিলবে, সেই প্রশ্নের উত্তরই খুঁজছে কলকাতা।









