কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
জরুরি বিভাগে টানা দেড় ঘণ্টা কোনো চিকিৎসক বা ওয়ার্ড মাস্টারের দেখা মেলেনি! চরম অব্যবস্থা ও চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীরা চিকিৎসা না পেয়ে জরুরি বিভাগের ট্রলিতে ছটফট করায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় ও পরিজনেরা।
আরও পড়ুনঃ বদলের বাংলায় এবার সিকিউরিটি গার্ডদের পোশাকে বদল! জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য
ঘটনার বিবরণ ও রোগীর স্বজনদের ক্ষোভ
-
দেড় ঘণ্টা চিকিৎসকহীন জরুরি বিভাগ: অভিযোগ, সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে (Emergency) কোনো ডিউটি অফিসার, চিকিৎসক কিংবা দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার ছিলেন না।
-
চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগ: আশঙ্কাজনক অবস্থায় আসা একাধিক রোগী দীর্ঘক্ষণ চিকিৎসা না পেয়ে ট্রলি ও মেঝেতে পড়ে থাকেন। অনেক দূর থেকে আসা দিনমজুর ও দুস্থ পরিবারগুলি দিশেহারা হয়ে পড়েন।
-
ভুক্তভোগীদের প্রতিক্রিয়া: এক ক্ষুব্ধ পরিজনের কথায়, “এতদূর থেকে কষ্ট করে হাসপাতালে আসছি, আর এসে যদি দেড় ঘণ্টা চিকিৎসকই না পাওয়া যায় তবে কোথায় যাব? আমাদের তো বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো বিপুল টাকা নেই, সরকারি হাসপাতালই একমাত্র ভরসা।”
আরও পড়ুনঃ হঠাৎ কী হল? বাংলায় ঢুকছে একের পর এক কেন্দ্রীয় বাহিনী?
কর্তৃপক্ষের নীরবতা
মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গায় সকালে শিফট বদলের সময় কীভাবে দেড় ঘণ্টা চিকিৎসকহীন হয়ে রইল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। চরম গাফিলতির অভিযোগ উঠলেও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


