দেবজিৎ মুখার্জি, কলকাতা:
আর কদিন পরই ভোটযুদ্ধে নামবে বাংলার রাজনৈতিক দলগুলি। যদিও এখন থেকেই নির্বাচন পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্যে। দামামা বাজতেই প্রচারপর্ব চালু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও বাম-কংগ্রেস সকলেই। বাংলার মসনদকে পাখিরচোখ করে একের পর এক কর্মসূচি নিয়ে চলেছে রাজনৈতিক দলগুলি। মানুষের মাঝে পৌঁছাতে বা তাঁদের সমস্যার কথা জানতে, যা করণীয়, তা করে চলেছে সকলে।
আরও পড়ুনঃ খাস কলকাতার রাজাবাজারে রাস্তায় কুপিয়ে খুন যুবককে! আততায়ীরা গাড়িতে উঠে উধাও
এই পরিস্থিতিতে লাল শিবিরে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। বর্তমানে সাইবার অ্যাটাক সংক্রান্ত একাধিক ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে এবার এর শিকার হল খোদ সিপিআইএম। দলের মুখপত্র গণশক্তি-র ফেসবুক পেজ শিকার হলো সাইবার আক্রমণের। বিষয়টি জানাজানি হতেই দলের তরফ থেকে তাদের ফেসবুক পেজে সতর্ক করে দেওয়া হয় সমর্থক থেকে শুরু করে সকল রাজ্যবাসীকে। একটি পোস্ট করা হয় এই বিষয়টি নিয়ে এবং অভিযোগের আঙ্গুল তোলা হয় বাম বিরোধী ও দক্ষিণপন্থীদের বিরুদ্ধে।
পোস্টে লেখা, “বামবিরোধী, দক্ষিণপন্থীদের সংগঠিত Cyber Attack এর মুখে গণশক্তি ফেসবুক পেজ। এই মুহূর্তে পেজটি হ্যাকারদের কন্ট্রোলে। দ্রুত আমরা পেজটি উদ্ধার করার চেষ্টা করছি। পেজটি পুনরায় গণশক্তি ডিজিটালের হাতে ফিরে এলে আমরা আমাদের পাঠক ও ফেসবুক ফলোয়ারদের জানাবো।
আরও পড়ুনঃ বিভিন্ন জায়গায় পড়ল ফ্লেক্স, ব্যানার; হুমায়ুনের নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’
বিঃদ্রঃ এই সময়ে যদি অসংবিধানিক ও অবৈধ কন্টেন্ট পোস্ট হয়, তাহলে সেই দায় গণশক্তি পত্রিকার নয়।” সাথে দিয়ে দেওয়া হয় গণশক্তির ওয়েবসাইট ও ফেসবুক পেজের লিঙ্কও। এটি ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। সকলের চোখে আসতেই শুরু হয় কমেন্টবক্সে কমেন্টের বন্যা।
ঘটনা প্রসঙ্গে ‘বঙ্গবার্তা‘র তরফ থেকে এক টেলিফোনিক সাক্ষাৎকার নেওয়া হয় দলের প্রাক্তন সাংসদ, তথা গণশক্তির সম্পাদক, শমীক লাহিড়িকে। নিজের অবস্থানে তিনি বলেন, “গত পরশুদিন রাতে আমরা এটা ধরতে পারি। সেটার ভিত্তিতে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়। মেটাকে চিঠি দিয়েছি। বলছে ৪৮ ঘণ্টার মধ্যে পেজ রিস্টোর করার চেষ্টা করবে। এবার দেখা যাক আজ হয় কিনা। তবে আশা করি হয়ে যাবে।” আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি বিরোধীদের কোনও চক্রান্ত কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দেখুন এখনো তো আমরা তেমন কোন প্রমাণ পাইনি। তবে নিঃসন্দেহে যারা আমাদের ক্ষতি করতে চায়, তারাই এটা করেছে।” পাশাপাশি, পাঠকদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।









