চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নামিবিয়ার বিরুদ্ধে অনবদ্য জয় পেল সূর্যকুমারের ভারত। আটলান্টিক সাগরের তীরবর্তী আফ্রিকান দেশটি অসহায় ভাবে ধরা দিল টিম ইন্ডিয়ার কাছে। ভারতের বোলিং লাইন আপের সামনে মুখ থুবড়ে পড়ল নামিবিয়া। ৯৩ রানে জয় পেল মেন ইন ব্লু। পাক মহারণের অনুশীলনটা যেন নামিবিয়ার বিরুদ্ধেই করল ভারত।
আরও পড়ুনঃ জাদুসংখ্যার দিকে দ্রুত এগোচ্ছে বিএনপি, গর্জালেও ভোটে বর্ষাল না জামাত!
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। প্রথমে ব্যাট করতে নেমে বাইশ গজে তাণ্ডব চালান ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ।
মাত্র ৮ বলে ২২ রানের ইনিংসে ঝোড়ো ইনিংস উপহার দেন সঞ্জু। আরেক ওপেনার ঈশান কিষাণ বিধ্বংসী মেজাজে ২৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে গেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৬ টি চার ও ৫ টি ছয় দিয়ে। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিলক বর্মা ২১ বলে ২৫ রান তোলেন।
আরও পড়ুনঃ বাংলাদেশের ভোটের ফলাফলের জন্য প্রতীক্ষা করছে ভারত, জানাল ভারতের বিদেশ মন্ত্রক
বাইশ গজে তেমন জ্বলে উঠতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব (১২)। মাঠে নেমে থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শিভম দুবে ১৬ বলে ২৩ রানের ইনিংস উপহার দিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ততক্ষণে নামিবিয়ার সামনে রানের পাহাড় খাঁড়া করে দিয়েছে টিম ইন্ডিয়া। নামিবিয়ার হয়ে সর্বাধিক ৪ টি উইকেট নেন অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। এছাড়া বেন সিকঙ্গ, জেজে স্মিট, বার্নার্ড স্কল্টজ ১ টি করে উইকেট সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নামিবিয়া। দুই ওপেনার লোরেন স্টিনক্যাম্প ২০ বলে ২৯ রান ও জান ফ্রাইলিঙ্ক ১৫ বলে ২২ রান তোলেন। অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের অবদান মাত্র ১৮(১১) রান। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নিকোল লফটি-ইটন তোলেন ১৩ বলে ১৩ রান। জেন গ্রিন ১৯ বলে ১১ রান স্কোরবোর্ডে যোগ করেন। কিন্তু বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ২ টি, শিবম দুবে ১ টি, অক্ষর পটেল ২ টি, বরুণ চক্রবর্তী ৩ টি, জসপ্রীত বুমরা ১ টি ও অর্শদীপ সিং ১ টি উইকেট নেন। ১১৬ রানেই শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস।









