কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি;
দেবজিৎ মুখার্জি, কলকাতাঃ
মরশুমের প্রথম কালবৈশাখীতেই লণ্ডভণ্ড কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। গত কয়েকদিন ধরে বৃষ্টির স্পেল চলছিল রাজ্যে। আর সোমবার সন্ধ্যা নামতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহরে। এরপর শুরু হয় ঝড়। কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চলে ঝড়ের। কলকাতায় ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হয়।
সোমবার রাতে হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানানো হয়েছিল পূর্বাভাসে। উত্তর ২৪ পরগনায় জারি করা হয় কমলা সতর্কতা। এরপরই শুরু হয় বিপর্যয়।
বজবজ ট্রাঙ্ক রোডের জিনজিরা বাজারের কাছে হোর্ডিং-এর গেট ভেঙে বিপত্তি তৈরি হয়। রাস্তার একটা লেন বন্ধ করে দেওয়া হয়। কোথাও বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে গাছ। শিলাবৃষ্টির সাক্ষী থাকেন কলকাতার একাংশের মানুষ।
আরও পড়ুনঃ মিলে গেল অক্ষরে অক্ষরে! কলকাতায় এল ‘মিনি কালবৈশাখী’
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিভিন্ন এলাকার রাস্তার উপরে ভেঙে পড়ে গাছপালা। যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। দাসপুরে দুর্ঘটনায় আহত হন তিনজন। আজুরিয়া–সোনাখালি রোডের হরিদাস অসুদতলা এলাকায় ঘটনাটি ঘটে। একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। সেই সময় ঝড়বৃষ্টির জেরে একটি গাছ ভেঙে পড়ে বাইকের উপর। বাইক আরোহী ও পিছনে বসা দুই যাত্রী গুরুতরভাবে আহত হন।
অন্যদিকে, মাত্র পনেরো মিনিটের ঝড় ৷ তাতেই লন্ডভন্ড অবস্থা শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার । সোমবার রাত ১০টা নাগাদ উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে ব্যাপক বৃষ্টিপাত হয় । সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে ঝোড়ো হাওয়া। ঝড়ের ফলে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে । ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর ।
কোথাও বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ পরিষেবা । ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় শহরে । তবে রাতে হালকা বৃষ্টিপাত হলেও ঝড় হয়নি । এদিকে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে প্রশাসন । রাতভর কাজ করেন পুলিশ ও দমকলকর্মীরা ।
শিলিগুড়ি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় বলেন, “শক্তিগড়ে একটি বাড়ির উপর বিশাল গাছ ভেঙে পড়ে । তাতে এক দম্পতি ঘরের মধ্যে আটকে যায় । আমরা নিরাপদে তাঁদের উদ্ধার করেছি ।” স্থানীয় বাসিন্দা দীপক মিত্র নিয়োগী বলেন, “যখন ঝড় আসে তখন বিশাল শব্দে গাছটি ভেঙে পড়ে । মনে হচ্ছিল যেন ভূমিকম্প হল । এরপর ঘরে দু’জন আটকে পড়েছিল । দমকল এসে তাদের উদ্ধার করে ।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ঝড়ের ফলে একাধিক জায়গায় গাছ পড়ে দুর্ঘটনা ঘটে । শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের একটি গাছ ভেঙে পড়ে বাড়ির উপর । যার জেরে ঘরের মধ্যে থাকা এক দম্পতি আটকা পড়ে । ঝড় থামার সঙ্গে সঙ্গে স্থানীয়রা প্রথমে দম্পতিকে উদ্ধারের চেষ্টা করে । কিন্তু অতিকায় ওই গাছটি ভেঙে পড়ায় তাঁরা ব্যর্থ হন । এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে । দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ মেশিন দিয়ে কেটে দম্পতিকে উদ্ধার করে ।
আরও পড়ুনঃ ভয়ঙ্করতম হামলা চালাল পাকিস্তান; রাতের অন্ধকারে কাবুলের হাসপাতালে এয়ারস্ট্রাইক
অন্যদিকে, একইভাবে শিলিগুড়ি সংলগ্ন গান্ধি ময়দান এলাকায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে । যদিও সেখানে খুব একটা ক্ষতি হয়নি । তবে মূল সড়কের উপর গাছে ভেঙে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় । এদিকে, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ও ফুলবাড়ি এলাকায় ঝড়ের ফলে একাধিক ঘরের টিন ও বেড়ার চাল উড়ে যায় । ঘটনার খবর পাওয়া মাত্র ময়দানে নামে পুরনিগম । খোদ মেয়র গৌতম দেব প্রত্যেকটি জায়গা পরিদর্শনে যান ও দ্রুত উদ্ধারের নির্দেশ দেন ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে ঢুকেছে বজ্রগর্ভ মেঘ। তার জেরেই এই বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।







