ভোটবঙ্গে প্রার্থীদের অভিনব প্রচারের মাঝেই চরমে উঠেছে নির্বাচন কমিশন এবং তৃণমূলের সংঘাত। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া (SIR) ইস্যুতে কমিশনকে যখন তীব্র আক্রমণ শানাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ঘুরিয়ে কড়া জবাব দিল নির্বাচন কমিশন। বলিউডের গান এবং ‘বার্নল’ খোঁচায় দেওয়া হল ভয়মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচনের কড়া বার্তা।
আরও পড়ুনঃ এই গান নিষিদ্ধ করা হয়েছিল দূরদর্শনে! ভাবতে পারেন
সম্প্রতি দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে মাধুরী দীক্ষিত ও আমির খানের বিখ্যাত গান “হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে” পোস্ট করা হয়। এর ক্যাপশনে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লেখা হয়েছে, “কিছু লোক এতে ক্ষুব্ধ হয়ে জ্বলতে পারে। গুণ্ডা, দাগী অপরাধীরা সাবধান। নিজেদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন মজুত রাখুন। নইলে উত্তাপ এতটাই তীব্র হবে যে আপনারা ভেতর থেকে পুড়ে যাবেন।”
ভয়মুক্ত ভোটের বার্তা দেওয়ার পাশাপাশি এই পোস্টে স্পষ্ট বলা হয়েছে, কেউ ভোটে বাধা দিলে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেখানে বার্নল বা বোরোলিনও কাজে আসবে না। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না করে তৃণমূলের উদ্দেশেই এই ‘বার্নল’ খোঁচা দিয়েছে কমিশন।
আরও পড়ুনঃ সম্পর্কের টানাপড়েনে খুন? নরেন্দ্রপুরে যুবকের রহস্যমৃত্যু
অন্যদিকে, অবাধ ভোটের লক্ষ্যে কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। গতকালই ভবানীপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাধারণ পর্যবেক্ষক তাপস রায়। সাধারণ মানুষ থেকে চা বিক্রেতা, সকলের কাছে গিয়ে এলাকায় কোনও ভয়ের পরিবেশ রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। বুথ জ্যামিং বা ভীতি প্রদর্শন রুখতে কড়া বার্তার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন সাধারণ পর্যবেক্ষক।



