কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
কোচবিহারের রাজনীতিতে বড়সড় পালাবদল। দীর্ঘদিনের তৃণমূল নেতা খোকন মিয়াঁ দল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন। দলবদলের মুহূর্তে আবেগ সামলাতে পারেননি তিনি—সকাল থেকেই বারবার কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে।
প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ-এর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত খোকন মিয়াঁ অভিযোগ করেন, তৃণমূল আর আগের মতো রাজনৈতিক দল নেই, বরং তা এখন কর্পোরেট সংস্থার মতো পরিচালিত হচ্ছে। তাঁর কথায়, দলের পুরনো কর্মী ও নেতাদের আর কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না।
আরও পড়ুনঃ সিকিমে জারি হল সতর্কবার্তা! প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দফতর
জানা গিয়েছে, কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে।
খোকন মিয়াঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কংগ্রেস দিয়েই। পরে ১৯৯৮ সালে রবীন্দ্রনাথ ঘোষ-এর হাত ধরে তৃণমূলে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যুব তৃণমূলের সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
আরও পড়ুনঃ এ যেন যমে মানুষে লড়াই! ভয়ঙ্কর ঘটনা সুন্দরবনে
দলত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি ক্ষোভ উগরে বলেন, যারা বছরের পর বছর দলকে শক্তিশালী করতে পরিশ্রম করেছেন, তাদেরই আজ উপেক্ষা করা হচ্ছে। প্রার্থীতালিকা ঘোষণার আগে হঠাৎ নতুন মুখদের তুলে আনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব অবশ্য এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষোভ থাকতেই পারে, তবে তা দলের ভেতরে থেকেই আলোচনার মাধ্যমে মেটানো উচিত ছিল।
এই ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, বিশেষ করে নির্বাচনের আগে এমন দলবদল কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জল্পনা



