খারাপ আবহাওয়ার দরুণ মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। অন্ডাল থেকে বিমানে চেপে কলকাতা রওনা দেন মমতা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় নামতে পারছে না বিমানটি। দুপুর ৩.৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে ওড়ে মুখ্যমন্ত্রীর বিমান। বিকেল ৪টে নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল ছোট বিমানটির। ঝড়বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণে সমস্যা হচ্ছে।
আরও পড়ুনঃ এক মুঠো অন্নেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ; নিস্তব্ধ কৈলাসের বুকে প্রতিধ্বনি
নির্বাচনী প্রচারে বেরিয়ে এদিনই পর পর সভা করেন মমতা। একাধিক কর্মসূচিতে যোগ দেন পাণ্ডবেশ্বরে। শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। কিন্তু কলকাতায় ঝড়বৃষ্টি হওয়ায় আকাশেই চক্কর কাটতে থাকে তাঁর বিমান। বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বিকেল ৪টে বেজে ৫০ মিনিট পর্যন্তও নামতে পারেনি বিমান।
এদিন বিকেলে আচমকাই বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুর্যোগ শুরু হয়। প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় সেখানে। বিমানবন্দের নেমে যেখানে দাঁড়িয়ে মমতা কথা বলেন, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। দুর্যোগে সেই ছাউনিও উড়ে গিয়েছে। ঝড়ের দাপটে উল্টে গিয়েছে পুলিশের গার্ডরেলও। জানা গিয়েছে, কলকাতার কাছাকাছি মুখ্য়মন্ত্রীর বিমান পৌঁঁছনো মাত্রই ঝড়বৃষ্টি শুরু হয়। ফলে নামতে পারেনি মমতার বিমান।
এই মুহূর্তে অঝোরে বৃষ্টি হচ্ছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। তুলনামূলক ছোট বিমানে যাতায়াত করেন মমতা। তাই সেটি নামতে পারছে না বলে জানা যাচ্ছে। বিমানবন্দর চত্বরেই এসে পৌঁছতে পারেনি বিমানটি। এর ফলে সমস্যা তৈরি হয়েছে। শেষ খবর অনুযায়ী, ডোমজুড়ের উপরে ছিল মমতার বিমান। দক্ষিণ ২৪ পরগনার দিক থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। এই পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে বৈঠক করছে ATS.
আরও পড়ুনঃ ফিরে আসছে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস? ধেয়ে আসছে লকডাউন ২.০! ত্রস্ত গোটা ভারত
মমতার ওই বিমানটি ছোট একটি প্রাইভেট জেট, দাসোঁ ফ্যালকন ২০০০। বিমানটি আকার-আয়তনে ছোট বলেই এমন সমস্যা হচ্ছে, অবতরণে সমস্যা হচ্ছে বলে খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এমন ছোট বিমান অবতরণ করতে পারলে বিপদের ঝুঁকি রয়েছে। তাই সেটিকে আকাশেই ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত আবহাওয়ার তেমন পরিবর্তন হয়নি। তাই কত ক্ষণে মমতা নামতে পারেন, সেদিকেই তাকিয়ে সকলে। বিমানের জ্বালানি কতটা রয়েছে, তা নিয়েও চর্চা চলছে। কারণ অনেক ক্ষণ হয়ে গিয়েছে অন্ডাল থেকে রওনা দিয়েছেন মমতা। কতটা জ্বালানি বাকি রয়েছে, সেই অনুযায়ী কলকাতায় আনা হবে, না বিমানটি অন্যত্র নামানো হবে, তা নিয়ে আলোচনা করছে ATS.



