সোশ্যাল মিডিয়া মানেই এতদিন ছিল বিনামূল্যে যোগাযোগের মাধ্যম শুধু তাই নয় বিনোদন আর নিজের মত প্রকাশের সহজ মাধ্যম। হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম—এই তিনটি অ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের এমনই অঙ্গ হয়ে উঠেছে যে, দিন শুরু বা শেষ—দুটোই যেন এদের হাত ধরেই। তবে এই চেনা অভ্যাসেই এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
আরও পড়ুনঃ কলকাতার অগ্নি কাণ্ডের আঁচ! WoW momo শিলিগুড়ি বাঘাযতীন পার্ক আউট লেটের সামনে বিক্ষোভে সিটু
বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর জন্য এক নতুন বাস্তবতার দরজা খুলতে চলেছে টেক জায়ান্ট মেটা। এমন এক সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সংস্থাটি, যা ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সংজ্ঞাই বদলে দিতে পারে।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, মেটা তাদের জনপ্রিয় তিন প্ল্যাটফর্ম—হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে। তবে এটি বর্তমানে চালু থাকা ‘মেটা ভেরিফায়েড’ বা ব্লু টিক পরিষেবার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই নতুন প্ল্যানটি হবে আরও উন্নত, আরও প্রযুক্তিনির্ভর এবং নির্দিষ্ট কিছু অতিরিক্ত সুবিধা নিয়ে। মূলত যাঁরা সাধারণ ব্যবহারের বাইরে গিয়ে আধুনিক ফিচার ও স্মার্ট অভিজ্ঞতা চান, তাঁদের লক্ষ্য করেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই মেটার এই প্ল্যাটফর্মগুলি বিনামূল্যে ব্যবহার করা গেলেও সাম্প্রতিক সময়ে সংস্থাটি নতুন আয়ের রাস্তা খুঁজছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিপুল অঙ্কের বিনিয়োগের পর সেই খরচ সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকেই ভবিষ্যতে বড় অঙ্কের রাজস্ব আসতে পারে। ফলে বিনামূল্যের পাশাপাশি পেইড মডেল—দুটোই চালু রেখে ব্যবসা সম্প্রসারণের পথে হাঁটতে চাইছে মেটা।
প্রিমিয়াম পরিষেবার মূল আকর্ষণ হতে পারে মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্ট রিপ্লাই, দ্রুত কন্টেন্ট তৈরি এবং নানা স্বয়ংক্রিয় কাজ সহজে করতে পারবেন। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ‘ভাইবস’ নামের একটি নতুন এআই টুল যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা দিয়ে ছোট ও আকর্ষণীয় এআই ভিডিও বানানো যাবে। এছাড়া অনেকদিনের চাওয়া অনুযায়ী, কে আপনাকে ফলো করছে না তা দেখার সুবিধা কিংবা কাউকে না জানিয়ে স্টোরি দেখার মতো ফিচারও প্রিমিয়াম প্ল্যানে থাকতে পারে বলে জল্পনা।





