বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে এবার ভোট প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক প্রতিনিধিদলকে রাজ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানর ।
প্রথম দফার ভোট ২৩ শে এপ্রিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটের ঠিক আগের দিন, অর্থাৎ বুধবার এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পৌঁছবে। পরদিন বৃহস্পতিবার ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি ৩১৬ কোম্পানি বাহিনী রাখা হয়েছে। এর মধ্যে ২৪০ কোম্পানি মুর্শিদাবাদ পুলিশ জেলার অধীনে এবং বাকি ৭৬ কোম্পানি জঙ্গিপুর এলাকায় দায়িত্বে থাকবে।
আরও পড়ুনঃ ভোর রাতে প্রকাশ ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট; কারা ‘পাশ’ করলেন?
দ্বিতীয় দফার নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে কমিশন। আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে মোট ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রায় ৫০৭ কোম্পানি নিযুক্ত করা হচ্ছে উত্তর ২৪ পরগণার জন্য।
দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বাহিনীর বণ্টনও নির্দিষ্ট করা হয়েছে— বারাসত পুলিশ জেলায় ১১২ কোম্পানি, বনগাঁয় ৬২, বসিরহাটে ১২৩, বিধাননগরে ৫০ এবং ব্যারাকপুরে ১৬০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।
দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন এলাকায় ১১৩ কোম্পানি, বারুইপুরে ১৬১ এবং ডায়মন্ড হারবারে ১৩৫ কোম্পানি বাহিনী থাকবে। হাওড়া জেলায় গ্রামীণ অঞ্চলে ১৪৭ এবং হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। নদিয়া জেলার কৃষ্ণনগরে ১৫৮ এবং রানাঘাটে ১২৭ কোম্পানি বাহিনী দায়িত্বে থাকবে। হুগলির চন্দননগর কমিশনারেট এলাকায় ৮৩ এবং গ্রামীণ হুগলিতে ২৩৪ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনঃ আপনার এলাকায় চলছে নজরদারি; রাস্তায় কমিশনের ডিজিটাল চোখ!
পূর্ব বর্ধমান জেলায় মোট ৪,৪৬৫টি বুথের জন্য ২৬০ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকায় ১৯৫টি বুথে ১৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যের রাজধানী কলকাতাতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মোট ৫,১৭২টি বুথে ভোটগ্রহণ হবে এবং তার জন্য ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী প্রতিটি কোম্পানিতে ন্যূনতম ৭২ জন জওয়ান থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশ মেনেই বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের উপস্থিতি এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্বাচনকে আরও শান্তিপূর্ণ করে তুলবে মনে হচ্ছে।



