কলকাতা:
দূরপাল্লার সরকারি বাসে অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় বিধিনিষেধ আরোপ করল পরিবহণ দপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, বাসের মাত্র ৩০ শতাংশ আসন অনলাইন বুকিংয়ের জন্য রাখা থাকবে এবং বাকি ৭০ শতাংশ টিকিট ডিপোয় গিয়ে অফলাইনে কাটতে হবে। অনলাইনে সংরক্ষিত ওই ৩০ শতাংশ আসনের মধ্যেই মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। WBTC, SBSTC এবং NBSTC-সহ সবকটি পরিবহণ নিগমেই এই নিয়ম চালু হয়েছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বড় পরিবর্তনের ইঙ্গিত! রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে একাধিক পরিবর্তন
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসে মহিলা যাত্রীদের যাতায়াত বিনামূল্যে হওয়ার পর থেকেই দূরপাল্লার বাসের টিকিট বুকিংয়ে নানা অসঙ্গতি ধরা পড়ছিল। দেখা যাচ্ছিল, বহু ক্ষেত্রে সিট বুক করেও সফর করছেন না যাত্রীরা, কিংবা দূরের গন্তব্যের টিকিট কেটে মাঝপথেই নেমে যাচ্ছেন। আবার ভাড়া না লাগায় একজনের নাম ও ফোন নম্বরে একাধিক বাসের একাধিক টিকিট কেটে রাখার প্রবণতাও নজরে আসছিল। এর ফলে বাসের আসন দ্রুত ভরে যাওয়ায় প্রয়োজনে ভাড়া দিয়ে যাওয়া অন্যান্য যাত্রীরা টিকিট পাচ্ছিলেন না এবং বাধ্য হয়ে বেশি ভাড়ায় বেসরকারি বাসে সফর করছিলেন।
আরও পড়ুনঃ তৃণমূলে কি এবার সর্ষের মধ্যেই ভূত? কর্মীদের কড়া সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অন্যদিকে, অনলাইনে আসন পূর্ণ দেখালেও বাস ছাড়ার সময় অনেক আসন ফাঁকা থাকার ছবি ধরা পড়ছিল। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ—দূরপাল্লার বাস কার্যত ফাঁকা ছোটাতে গিয়ে নিগমগুলির আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছিল বলে দাবি। গত পাঁচ মাস ধরে চলা এই পরিস্থিতির মোকাবিলায় এবং প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়া নিশ্চিত করতেই আসন বণ্টনের এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।
সবকটি পরিবহণ নিগমের তরফে শুক্রবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় এবং শনিবার থেকেই নয়া নিয়ম কার্যকর হয়েছে। আচমকা এই নিয়ম চালু হওয়ায় শনিবার অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটতে গিয়ে পাননি এবং নতুন ব্যবস্থা কীভাবে কাজ করবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন বলে খবর।


