spot_img
Tuesday, 10 March, 2026
10 March
spot_img
Homeউত্তরবঙ্গNBSTC: পরিকল্পনা বিশবাঁও জলে! অনিশ্চিত ‘সবুজের হাতছানি’

NBSTC: পরিকল্পনা বিশবাঁও জলে! অনিশ্চিত ‘সবুজের হাতছানি’

প্রশ্ন উঠছে, ঘোষণার আগে কি তবে যথাযথ পরিকল্পনা ছিল না?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ডিসেম্বরের ১ তারিখ থেকে ‘সবুজের হাতছানি’ শুরু হওয়ার কথা ঘোষণা করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। অক্টোবর মাসের ঘোষণা মোতাবেক ‘সবুজের হাতছানি’ শুরু করার পরিকল্পনা হলেও, পুরো পরিকল্পনাই এখন বিশবাঁও জলে। জানা গিয়েছে, এই প্যাকেজের জন্য এখনও কোনও রুটই ঠিক করে উঠতে পারেননি নিগমের কর্তারা। নিগম সূত্রে দাবি, এই পরিস্থিতির জন্য দায়িত্বে থাকা, নিগমের এক অবসরপ্রাপ্ত কর্মী দায়ী।

আরও পড়ুনঃ এসআইআর নিয়ে বড় খবর! খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল

সম্প্রতি ওই অবসরপ্রাপ্ত কর্মীর মেয়ের বিয়ে ছিল। মেয়ের বিয়েতে ব্যস্ত থাকার কারণে সময়মতো কোনওকিছু প্রস্তুত করা যায়নি বলে জানা গিয়েছে। যদিও স্বাভাবিকভাবেই এখন নিগমের কর্মীদের মধ্যে গুঞ্জন, পর্যাপ্ত কর্মী থাকলে কি আদৌ এই সমস্যা তৈরি হত? তবে নিগম কর্তাদের দাবি, ‘এসআইআর’-এর কারণে এই প্যাকেজ সময়মতো শুরু করা যাচ্ছে না। এবিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিভিশনাল ম্যানেজার সৌভিক দে বলেন, ‘এসআইআর চলার কারণে এখন সেরকম পর্যটক হবে না। তাই আমরা এই বিশেষ পরিষেবা কিছুদিন পর শুরু করব।’

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিশেষ পরিষেবাগুলোর মধ্যে ‘সবুজের হাতছানি’ অন্যতম আকর্ষণীয়। এই প্যাকেজে পর্যটকদের মূলত স্বল্পদিনের মধ্যে পাহাড়-ডুয়ার্সের একাধিক রুটে ঘোরার সুযোগ করে দেয় নিগম। বিশেষ করে সব ট্যুরিস্ট স্পটকেই রুটে অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবরের শেষে এই পরিষেবা পুনরায় শুরু করার বিষয়েই, নিগমের এক অবসরপ্রাপ্ত কর্মীকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

তবে এখন এই প্রশ্নও উঠছে যে, তাঁর মেয়ের বিয়ের কথা যখন জানাই ছিল, তখন তাঁকেই কেন এই কাজের দায়িত্ব দেওয়া হল? শুধু তাই নয়, তখনই নিগমের চেয়ারম্যান নভেম্বর মাসেই তেনজিং নোরগে বাস টার্মিনাসে ক্যাফেটেরিয়া ও ডর্মিটরি চালু করার কথাও ঘোষণা করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজেরও কোনও উদ্যোগ দেখা যায়নি। তাই এখন প্রশ্ন উঠছে, ঘোষণার আগে কি তবে যথাযথ পরিকল্পনা ছিল না?

আরও পড়ুনঃ সিম কার্ড ছাড়া অ্যাক্সেস নয়; নয়া নিয়মে আরও কড়া কড়ি হোয়াটস্যাপ টেলিগ্রামে

এনিয়ে নিগমের তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সমীর সরকারের বক্তব্য, ‘আসলে এসআইআর-এর কারণে পরিকাঠামো সংক্রান্ত কাজগুলো শেষ করার জন্য প্রয়োজনীয় লোকের অভাব দেখা দিয়েছে। তাই সবটা বাস্তবায়িত করতে খানিক বেশি সময় লাগছে।’

নিগমের বাম প্রভাবিত শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সদস্য তুফান ভট্টাচার্য বলেন,সবুজের হাতছানি শুরুর ব্যাপারে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রশাসনিক স্তর থেকে আমার কাছে কোনওরকম খবর আসেনি।’

এই মুহূর্তে

আরও পড়ুন