আসন পুনর্বিন্যাসের সঙ্গে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল শুক্রবার লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। আর শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণে এই নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে পাপ করেছে বিরোধীরা। জনগণ এর সাজা দেবে। তিনি আরও বলেন, বিরোধীরা নারীশক্তির উত্থানকে রুদ্ধ করেছে। বিলটি পেশের সময় যারা হাততালি দিয়েছিল নারীরা তাদের ক্ষমা করবে না।
আরও পড়ুনঃ “কলকাতা জেগে উঠেছে, এবার জয় নিশ্চিত”, মমতাগড়ে শুভেন্দু
প্রধানমন্ত্রীর বক্তৃতার হাইলাইটস—
গতকাল সংবিধানের ১৩১ সংশোধনী বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি হয়। সেখানে দুই তৃতীয়াংশ সমর্থন পায়নি কেন্দ্র। ফলে লোকসভা পাশ করানো যায়নি মহিলা সংরক্ষণ নিয়ে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল। এই বিলের কথা উল্লেখ করে এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী মোদী বলেন, নারীশক্তির বিকাশকে বাধা দেওয়া হয়েছে।
‘বিরোধীরা মহিলাদের আত্মসম্মানের উপর আঘাত হেনেছে’
বিরোধীদের নিশানা করে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা মহিলাদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তারা তাদের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধীরা নারীদের অধিকার হরণ করে তারপর উল্লাস করেছে। যে দলগুলো মহিলা সংরক্ষণের বিরোধিতা করেছে, তারা নারী শক্তিকে সহজলভ্য বলে ধরে নিচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে একবিংশ শতাব্দীর মহিলারা প্রতিটি ঘটনার উপর নজর রাখছে।”
আরও পড়ুনঃ ‘আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না!’ কোচবিহারে যোগী হুঙ্কার
বিরোধীরা মহিলাদের স্বপ্নকে চুরমার করেছে: প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি আমার বোন ও কন্যাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ দেশের প্রতিটি নাগরিক দেখছেন, কীভাবে ভারতের নারী ক্ষমতায়নকে রুখে দেওয়া হল। তাঁদের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি। মহিলা সংরক্ষণ বিলটি সংসদে পাশ হতে ব্যর্থ হয়েছে। এর জন্য আমি সকল মা ও বোনদের কাছে ক্ষমা চাইছি।”
মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিরোধীরা ঘৃণা ও হীন রাজনীতির মাধ্যমে এই মহৎ প্রচেষ্টাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিন্তু আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে এটি আমাদের লড়াইয়ের শেষ নয়, বরং শুরু মাত্র। বিজেপি এবং এনডিএ আপনাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।”



