বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড় চমক দিলেন প্রতীক উর রহমান। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছে গেলেন সিপিএমের প্রাক্তন যুব নেতা প্রতীক উর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরেই ঘাস ফুল শিবিরে যোগ দিলেন প্রতিকুর।
এই যোগদান রাজ্যের রাজনীতিতে বাম শিবিরের জন্য বড় ধাক্কা, বিশেষ করে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে।মাত্র কয়েকদিন আগে, ১৬ ফেব্রুয়ারি প্রতীক উর সিপিএমের রাজ্য কমিটি, জেলা কমিটি এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তাঁর চিঠিতে অভিযোগ ছিল দলের রণনীতি, আদর্শ নিয়ে মতভেদ, অপমান এবং কোণঠাসা হওয়ার। তিনি বলেছিলেন, “আমি দলের অংশীদার হতে চেয়েছিলাম, কিন্তু অনুমতি পাইনি।”
সেই সময়ই জল্পনা শুরু হয় তৃণমূলে যোগদানের। আর আজ সেই জল্পনা সত্যি হল। আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছে প্রতীক উর যোগ দেন। দলের কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাসের ঢেউ ওঠে। অভিষেক তাঁকে স্বাগত জানিয়ে বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “বামেরা বরাবরই যুবকদের উপেক্ষা করেছে। প্রতীক উরের মতো তরুণ নেতা আমাদের সঙ্গে এসেছে, এটা বামফ্রন্টের শেষের শুরু।”প্রতীক উরের রাজনৈতিক যাত্রা আকর্ষণীয়।
আরও পড়ুনঃ দিল্লিতে হাই-অ্যালার্ট; বড়সড় হামলার ছক লস্কর-ই-তইবার
এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে তিনি যুব আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সিপিএমের প্রার্থী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। তৃতীয় স্থানে থেকে হারলেও মাইনরিটি ভোটে তাঁর প্রভাব ছিল। সেই সময় তিনি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন কাস্তে-হাতুড়ির প্রতীক নিয়ে। কিন্তু রাজনীতির চাকা ঘুরে গেছে।
আজ সেই একই অভিষেকের সামনে দাঁড়িয়ে প্রতিকুর প্রতীক বদল করলেন।এই দলবদলের পিছনে রয়েছে কৌশল। তৃণমূল ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যুব ও মাইনরিটি ভোট শক্তিশালী করতে চাইছে। প্রতীক উরের মতো মুখ পেলে দক্ষিণ ২৪ পরগনায় সুবিধা হবে। অনেকে মনে করছেন, মগরাহাট বা ডায়মন্ড হারবারের কাছাকাছি কোনও আসনে তাঁকে প্রার্থী করা হতে পারে। সিপিএমে এই ঘটনা তোলপাড় তুলেছে। নেতৃত্ব চেষ্টা করেছিলেন তাঁকে ফেরানোর, কিন্তু ব্যর্থ। মহম্মদ সেলিমের মতো নেতা বলেছেন, “প্রতিকুরের দল ছেড়ে যাওয়া সন্তান হারানোর মত কিন্তু সিপিএম এগিয়ে যাবে তার নিজস্ব ভঙ্গিতে।”









