বিশেষ প্রতিনিধি:
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন মহিলা উপভোক্তারা। ২০ অগস্ট বেলা ১২টার মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর ২৪ পরগনার মতো একাধিক জেলায়।
আরও পড়ুনঃ বাম-এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার, রণক্ষেত্র যাদবপুর থানা চত্বর
জেলাভিত্তিক ক্ষোভের ছবি
-
দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট): বালুরঘাট মহকুমা শাসকের (SDO) দফতরের গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষুব্ধ মহিলারা। ধাক্কাধাক্কি ও অশান্তি চরম আকার নিলে মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
মালদহ (ইংলিশবাজার): ইংলিশবাজার পুরসভায় শতাধিক মহিলা বিক্ষোভ দেখান। বাড়িটিতে ৩টি ঘর থাকায় ধনী তকমা দিয়ে টাকা আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পরিবারে সদস্য সংখ্যা ৮-১০ জন হলে সাধারণ ঘরে বাস করা সত্ত্বেও সরকারি মাপকাঠিতে তাঁদের ‘অযোগ্য’ দেখানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

-
পশ্চিম বর্ধমান (আসানসোল): অনলাইন ও অফলাইনে আবেদন জমা দিয়েও অন্নপূর্ণার টাকা জমা না পড়ায় আসানসোল মহকুমা শাসকের অফিসে টানা বিক্ষোভ হয়। সমস্যা মেটাতে আসানসোলের মহকুমাশাসক সাধন দেবনাথ মাইকিং করে উপভোক্তাদের অনলাইনে অভিযোগ জানাতে পরামর্শ দেন।
-
পুরুলিয়া (রঘুনাথপুর): রঘুনাথপুর মহকুমাশাসকের কার্যালয়ে বিক্ষোভের পর রঘুনাথপুর-চন্দনকিয়ারি রাজ্য সড়ক অবরোধ করেন বঞ্চিত মহিলারা। তাঁদের দাবি, পূর্বে ‘লক্ষ্মী শ্রী’ বা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের টাকা পেলেও এবার অন্নপূর্ণার ৩০০০ টাকা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে।
আরও পড়ুনঃ সংসার সামলাতে হিমশিম মধ্যবিত্তের; চিনির দাম প্রতি কেজিতে বাড়ল ২০ টাকা
-
উত্তর ২৪ পরগনা (মধ্যমগ্রাম): মধ্যমগ্রাম চৌমাথায় সোদপুর রোড অবরোধ করায় জাতীয় সড়ক যশোর রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে অবরোধ তোলার পর মহিলারা মধ্যমগ্রাম পুরসভার ভেতরে ঢুকে এগজ়িকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রশাসনিক হয়রানি ও সরকারি মাপকাঠির জটিলতার মাঝেই উপভোক্তারা অবিলম্বে তাঁদের বকেয়া অন্নপূর্ণা যোজনার টাকা হস্তান্তরের দাবি তুলেছেন।


