কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
মালদহে প্রথমবার উদ্ধার হলো কোটি টাকার ‘লাভ ড্রাগস’ বা MDMA। মেক্সিকো ও কলম্বিয়ার মাদক সিন্ডিকেটের যোগসূত্র মিলল কালিয়াচকে। যৌন উদ্দীপক এই মরণ নেশার কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই পাচারকারী।
ব্রাউন সুগার বা হেরোইন নয়, এবার মাদক মাফিয়াদের নজরে ‘লাভ ড্রাগস’। উত্তরবঙ্গের মালদহ জেলায় এই প্রথম উদ্ধার হলো আন্তর্জাতিক মানের বিরল মাদক MDMA, যা অপরাধ জগতে ‘লাভ ড্রাগস’ বা ‘মলি’ নামে পরিচিত। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪৫৩ গ্রাম এই মাদকসহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, এই মাদকটি মূলত রেভ পার্টি, ডান্স বার এবং উচ্চবিত্ত ঘরের তরুণ-তরুণীদের নেশার আসরে ব্যবহার করা হয়। এর বিশেষত্ব হলো, এটি সেবনের ফলে পুরুষ ও মহিলা নির্বিশেষে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
সাধারণ ব্রাউন সুগারের তুলনায় এর দাম অন্তত ছয় গুণ বেশি। উদ্ধার হওয়া ৪৫৩ গ্রাম মাদকের বর্তমান বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। মূলত মেক্সিকো এবং কলম্বিয়ার মতো দেশে এই ঘাতক মাদকের কারবার চলে।
কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, কালিয়াচকের কালিকাপুর এলাকায় বিপুল পরিমাণ মাদক হাতবদল হতে চলেছে। সেই মতো হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে মহম্মদ সামাউল হক (২৯), মোবারক হোসেন (৩৫)কে।
আরও পড়ুনঃ বেনিয়াপুকুরে ভয়ঙ্কর কাণ্ড! তৃণমূল আমলে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত; শহরে ফের শ্যুটআউট
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদেশের মাদকের বাজার থেকে বাংলাদেশ সীমান্ত হয়ে এই মাদক কালিয়াচকে ঢুকেছিল। এরপর ঝাড়খণ্ডের রাঁচি কিংবা নেপালে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের।
মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, “বছরের শুরুতে এটি একটি বড় সাফল্য। এই ধরনের দামি ড্রাগস সাধারণত বড় বড় শহরের পার্টিতে ব্যবহৃত হয়। মালদহে এই প্রথম এর হদিস মিলল। আমরা এর মূল শিকড় খোঁজার চেষ্টা করছি।”









