কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের সিইও দফতর। মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম বেরিয়েছে কাল। কিন্তু তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। কারণ তাঁদের নাম ‘অ্যাডজুডিকেটেড’ হিসেবে চিহ্নিত হয়েছে, আলাদা ক্যাটেগরিতে সরিয়ে রাখা হয়েছে। রবিবার জানা গেল, সেই তালিকায় জ্বলজ্বল করছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের নামও।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে হাজির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
মাস কয়েক আগেই দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে এসেছেন রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের গৌরব পৌঁছে দিয়েছেন বাংলার তথা দেশের ঘরে ঘরে। তাঁর গায়ে দেশের নীল জার্সি যেন আলাদাই শোভা পায়।
এ হেন রিচাই আপাতত ‘দেশের নাগরিক’ কিনা, সেই নিয়ে ধন্ধ প্রকাশ করেছে নির্বাচন কমিশন! নথি তো অন্তত তেমনটাই বলছে! রিচার নামের উপর স্পষ্ট করে স্ট্যাম্প মেরে লেখা রয়েছে, ‘Under Adjudication’।
সুপ্রম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল ‘অ্যাডজুডিকেটেড’, যেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫।
গতকাল SIR-এর যে ফাইনাল তালিকা বেরিয়েছে, ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ মানুষের, তার মধ্য়েই এই নামগুলি রয়েছে, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠাটা এখনও চূড়ান্ত নয়। এমন অনিশ্চিত ভবিষ্যতের ৬০ লক্ষ নামের মধ্যেই পড়ে গেল রিচা ঘোষের নামও।
আরও পড়ুনঃ “তুমি যা করলে জীবনেও শোধ করতে পারব না”; রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরছে আজ
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এই ঘটনাতেই প্রমাণ, নির্বাচন কমিশনের SIR নিয়ে কোনও সঠিক পরিকল্পনাই নেই। সেই জন্যই বিশ্বকাপজয়ী সোনার মেয়ের নামও ওঠে না চূড়ান্ত তালিকায়! যিনি দেশকে জিতিয়েছেন, তিনিও দেশের নাগরিক নন!
এই অভিযোগ অবশ্য নতুন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই অভিযোগ করে আসছেন, এত কম সময়ে এত কম লোক দিয়ে করা সম্ভব নয়, এটা করতে গিয়ে বহু নাম অকারণে বাদ যাবে। এসআইআর-এর চূড়ান্ত তালিকা শনিবার প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে, বস্তুত সেটাই হল। ৬০ লক্ষেরও বেশি মানুষ অনিশ্চয়তার মুখে পড়লেন। তাঁদের মধ্যে রয়েছে রিচা ঘোষের মতো নামও!









