২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনালের পর, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই থেকে কলম্বো। দূরত্ব প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালের পুনরাবৃত্তি কলম্বোয় করতে চায় সূর্যের ভারত। পাক কাঁটা উপড়ে ফেলতে ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ৬-১-এর লজ্জা মুছতে মরিয়া হয়ে উঠেছে সলমন আলি আঘার দল।
আরও পড়ুনঃ ফোকাসে স্রেফ ‘করমর্দন’! পাকিস্তানের ম্যাচে ‘নো-হ্যান্ডশেক’ নীতিতে অনড় ভারত
পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ৬ বার জয়ের মুখ দেখেছে ভারত। মাত্র ১ বার জয় পেয়েছে পাকিস্তান। ১ বার ম্যাচ অমীমাংসিত ছিল। দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক শর্মা। আপাতত সুস্থ রয়েছেন তিনি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে দেখা যাবে কিনা, তা অজানা। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া। মাঠে ফিরেছেন প্রতিপক্ষের ‘যম’ জাসপ্রীত বুমরা।
অন্যদিকে বেশ ভালো ফর্মে রয়েছেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান, উসমান তারিক। ইতিমধ্যেই উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে কলম্বোর আকাশে কালো মেঘ। শনিবার সন্ধ্যায় অনুশীলনের সময় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা ৫০-৬৫ শতাংশ। আকাশ সম্পূর্ণ মেঘলা থাকবে। বিকেল থেকে সন্ধ্যায় ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে হাইভোল্টেজ ম্যাচে খলনায়ক হয়ে উঠতে পারে বৃষ্টি।
আরও পড়ুনঃ T20 World Cup: আকাশছোঁয়া বিমানভাড়া ও হোটেলের দাম, আকাশছোঁয়া জিওহটস্টারে ১০ সেকেন্ডের রেট
রবিবার সন্ধ্যা ৭টায় আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। যদিও নিয়ম অনুযায়ী ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬.৩০ মিনিটে টস হবে।
ভারত সম্ভাব্য একাদশ
ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সায়িম আযুব, শাহিবজাদা ফারহান, বাবর আজম, সলমান আলি আঘা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক









