আর সপ্তাহ খানেক পরেই দোল উৎসব। দোলে অনেকেরই গন্তব্য হয় শান্তিনিকেতন। কিন্তু এবারও হতাশ হতে হবে পর্যটকদের। কারণ এবারও সোনাঝু্রিতে বসন্ত উৎসব, দোল খেলায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বন দপ্তর। কারণ হিসেবে বলা হয়েছে, বসন্ত উৎসব উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান সোনাঝুরি হাটে। এসময় মানুষের ভিড়ে পরিবেশের, অরণ্যের ক্ষতি হয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। তাই এ বিষয়ে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বন দপ্তর।
বীরভূমের জেলাশাসক জানান, জঙ্গলের ক্ষতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। জানা গিয়েছে, গত বছরেও যে নিষেধাজ্ঞা ছিল, এবারও তা বজায় থাকছে। উপরমহলের চিঠি পাওয়া গেলেই কার্যকর হবে নির্দেশিকা।
জানা গিয়েছে, দোলের দিন সোনাঝুরি জঙ্গলে রঙ খেলাকে কেন্দ্র করে পরিবেশের ক্ষতি যাতে না হয়, তার জন্য জেলাশাসককে চিঠি দিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি অভিযোগ করেছেন, সোনাঝুরির খোয়াই হাট বেআইনি ভাবে রয়েছে বনভূমির উপর। বিষয়টি জাতীয় পরিবেশ আদালতে বিচারাধীন। এমতাবস্থায় তিনি আর্জি জানিয়েছেন, দোলের দিন সোনাঝুরিতে (Sonajhuri) অরণ্য বহির্ভূত কোনও কার্যকলাপ যাতে না হয়, সে বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক। নয়তো বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
আরও পড়ুনঃ দীপ্সিতা ধর ও তাঁর বামপন্থী আন্দোলন; রাজপথ থেকে ভোটের ময়দান
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত কয়েক বছর ধরেই বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী। কিন্তু দোলের দিন এখানে বিপুল জনসমাগমে অরণ্যের গাছপালা নষ্ট হয়, পরিবেশন দূষণ হয়। উল্লেখ্য, সেই ২০১৯ সালে বিশ্বভারতীর বসন্ত উৎসবে বিপুল জনসমাগমের কারণে তার পরের বছর থেকেই বসন্তোৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী। অরণ্য ও পরিবেশ রক্ষা এবং আশ্রম প্রাঙ্গণের সুরক্ষা বজায় রাখতেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।
২০২৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় বিশ্বভারতী। তারপর থেকেই দোলের দিন বসন্ত উৎসব পালন বন্ধ হয়েছে ক্যাম্পাসে। কিন্তু অভিযোগ, ২০২০ সাল থেকেই সোনাঝুরি জঙ্গলে প্রচুর ভিড় হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে পরিবেশের। খোয়াই হাট কমিটির সম্পাদক এ বিষয়ে বলেন, দোলের দিন মানুষ যাতে জঙ্গলে প্রবেশ না করেন, সে বিষয়ে বন দপ্তর এবং প্রশাসনের নজরদারি দরকার। অন্যদিকে বন দপ্তরের আধিকারিকরা জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ইতিমধ্যেই। নির্দেশিকা এলেই তা পালন করা হবে।









