spot_img
Monday, 23 February, 2026
23 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: হেঁসেল অপরিচ্ছন্ন, পচা খাবার, চাঞ্চল্যকর ছবি শিলিগুড়িতে

Siliguri: হেঁসেল অপরিচ্ছন্ন, পচা খাবার, চাঞ্চল্যকর ছবি শিলিগুড়িতে

অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে দেশবন্ধু পাড়ার মিষ্টির দোকানের বিরুদ্ধে ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান ৷ আর সেই অভিযানে শহরের নামী মিষ্টি প্রস্তুতকারক সংস্থার হেঁসেল অপরিচ্ছন্ন বলে অভিযোগ উঠল ৷ সেই সঙ্গে মিষ্টির দোকানের রান্নাঘরে পাওয়া গেল মাংস ৷ রান্নার জায়গাও অপরিচ্ছন্ন বলে অভিযোগ উঠেছে ৷ একইভাবে একটি নামী রেস্তরাঁর থেকে পচা খাবার পেয়েছেন অভিযানকারী দলের আধিকারিকরা ৷ এই দুই দোকানে একাধিক অনিয়ম থাকার অভিযোগে নোটিশ জারি করেছে প্রশাসন ৷ পাশাপাশি, জরিমানাও করা হয়েছে ৷

আরও পড়ুনঃ ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছেড়ে এবার ‘মা-মাটি-মানুষ’ জিন্দাবাদ, সিপিএম থেকে বহিষ্কার; সিপিএমের ‘প্রতীক’ পেল অভিষেকের তৃণমূল

শনিবার শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে সামনে এল একের পর এক চাঞ্চল্যকর ছবি ৷ এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক খাবারের ও মিষ্টির দোকানে হানা দেন দফতরের আধিকারিকরা ৷ খাদ্য সুরক্ষা দফতরের পাশাপাশি অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগম, দমকল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

অভিযানের শুরুতেই নজরে আসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের একাধিক অভিযোগ ৷ দেশবন্ধু পাড়ার একটি নামী মিষ্টির দোকানের রান্নাঘরে গিয়ে কার্যত হতবাক হন আধিকারিকরা ৷ এমনকি মিষ্টির দোকানের ফ্রিজ থেকে উদ্ধার হয় রান্না করা মাংস ৷ অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়া ওই রান্নাঘরে মাংস সংরক্ষণ করা হচ্ছিল ৷ শুধু তাই নয়, দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপটিক ট্যাঙ্কের উপর—যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন বলে জানাচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

এই অভিযান পৌঁছায় শিলিগুড়ির এনটিএস মোড়ের এক নামী ক্যাফেতেও ৷ সেখানে সংরক্ষণ করা মাংসের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলে অভিযোগ করেছেন আধিকারিকরা ৷ ফ্রিজ ও রান্নাঘরের অবস্থাও ছিল অত্যন্ত নোংরা ৷ ক্যাফেতে থাকা পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে ৷ সংশ্লিষ্ট দোকানগুলিকে শো-কজ নোটিস দেওয়া হয়েছে ৷ প্রয়োজন হলে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ করা হবে ৷ ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে বার্তা দেওয়া হয়েছে ৷

অন্যদিকে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে দেশবন্ধু পাড়ার মিষ্টির দোকানের বিরুদ্ধে ৷ তাদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন অভিযানে আসা দমকল আধিকারিক ৷ তার মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক না-হলে এবং সুরক্ষাবিধি না-মানলে, দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এ নিয়ে দমকল আধিকারিক রণবীর চৌধুরী বলেন, “আমরা সব দেখলাম ৷ অগ্নিনির্বাপণ ব্যবস্থা একেবারেই ঠিক নেই ৷ আগামিকাল পর্যন্ত সময় দিয়েছি ৷ সব ব্যবস্থা ঠিক না-হলে, প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়া হবে ৷”

আরও পড়ুনঃ দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন; ভোট ঘোষণার আগেই বঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছে শাহের মন্ত্রক

শিলিগুড়ি পুরনিগমের খাদ্য বিভাগের অধিকর্তা রাজ ঘোষ বলেন, “শহরবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে ৷ খাদ্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷”

শহরের নামী খাবারের দোকানে এমন ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ৷ ক্রেতাদের একাংশের বক্তব্য, নিয়মিত নজরদারি না-হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে ৷ এখন প্রশ্ন, এই অভিযানের পর কি বদলাবে শহরের খাবারের দোকানগুলির মান ? নাকি কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যাবে—সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির নাগরিকরা ৷

এই মুহূর্তে

আরও পড়ুন