নির্বাচন ঘোষণার পরই শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য । একদিকে, বিশ্বজয়ী উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষের বাড়িতে মঙ্গলবার ভোররাতে দুষ্কৃতী হানার চেষ্টা; অন্যদিকে, তিনটে পৃথক অভিযানে দু’টি আগ্নেয়াস্ত্র-সহ চারজন দুষ্কৃতী ও প্রায় দু’কোটির মাদক-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ ।
আরও পড়ুনঃ সলপ বাজারে চাঞ্চল্যকর ঘটনা! দোকানে চাবি দেবার সময়…
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনের মুখে পুলিশের নজরদারি নিয়ে । জানা গিয়েছে, বিশ্বকাপ জয়ী রিচা বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছেন । তাঁর বাড়ি মেরামত ও সংস্কারের কাজ চলছে । যে কারণে বাড়ির সামনে সীমানা প্রাচীর সেভাবে নেই । সেই সুযোগে বুধবার ভোররাত নাগাদ রিচা ঘোষের বাড়িতে সামনে দিয়েই সটান ঢুকে পরে এক দুষ্কৃতী । তবে মূল গেট বন্ধ থাকায় সেখান থেকে বেরিয়ে পিছন দিয়ে তালা ভেঙে ঢোকার চেষ্টা করে । সেই সময় বিষয়টি আঁচ করতে পেরে রিচার বাবা বাইরে বেরোতেই পালিয়ে যায় দুষ্কৃতী । খবর পেয়ে সকালে তদন্তে আসে শিলিগুড়ি থানার পুলিশ । রিচার বাড়ির সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে । রিচার বাবা মানবেন্দ্র ঘোষ অবশ্য এবিষয়ে কিছু জানাতে চাননি ।
অন্যদিকে, অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার মাদক-সহ দুই কারবারিকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ । বুধবার সন্ধ্যায় ওই বিপুল পরিমাণ মাদক পাচারের ছক ছিল ৷ অভিযুক্তদের হেফাজত থেকে ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় । বাগডোগরার পানিঘাটা মোড়ে নাকা চেকিংয়ের সময় নকশালবাড়ি থেকে শিলিগুড়ির দিকে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হলে বাইক চালক ও আরোহীর কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট দু’কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় । এরপরই গ্রেফতার করা হয় মাদক কারবারে জড়িত ওই দুই যুবককে । ধৃতরা হল বছর ছাব্বিশের বিশ্বজিৎ বর্মন ও পঁচিশ বছর বয়সী তন্ময় বর্মন । দুজনেই পানিট্যাঙ্কি রামধনজোতের বাসিন্দা । ধৃতদের করে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করেছে পুলিশ ।

এদিকে, দুটি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ । প্রথমে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে ধরে এনজেপি থানার পুলিশ । আবার বুধবার বিকেলে, শিলিগুড়ি সংলগ্ন ছোবাভিটা এলাকায় বিক্রির উদ্দেশ্যে একটি ওয়ান শাটার নিয়ে দাঁড়িয়ে ছিল দুই যুবক । খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে হানা দেয় । টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ওই দুই যুবককে পাকড়াও করা হয় । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয় । ধৃতদের নাম রাজীব দত্ত ও সনৎ বর্মন । তাদের বাড়ি পশ্চিম ধনতলা এলাকায় । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত সনৎ বর্মনের বিরুদ্ধে এর আগেও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং পূর্বে তাকে গ্রেফতারও করা হয়েছিল । ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।
আরও পড়ুনঃ মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত! ইরানের পাশে দাঁড়াল ভারত
দ্বিতীয়টিতে সাফল্য পায় শিলিগুড়ি থানার পুলিশ । আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে বছর একত্রিশের রকি রায় নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । সে বর্ধমান জেলার বাসিন্দা বলে খবর । সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায় । সেই সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় । ঘটনা দু’টির তদন্ত শুরু করেছে পুলিশ ।
বিষয়গুলি প্রসঙ্গে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) তন্ময় সরকার বলেন, “শহরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে । নাকা তল্লাশি ও টহলদারিতে জোর দেওয়া হয়েছে । ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।”







