রাজ্যে দেখা দিয়েছে গ্যাস সঙ্কট। এলপিজি গ্যাস সিলিন্ডার, সিএনজি দুয়েরই দাম বেড়েছে। শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় গ্যাস সঙ্কটের জেরে ঝাঁপ বন্ধ করার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এবার জানা গেল, ভোগ প্রসাদ বিতরণ বন্ধ হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে। বর্তমান পরিস্থিতির জেরে আগামী সোমবার থেকে মন্দিরে নিঃশুল্ক ভোগ প্রসাদ বিতরণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ LPG নিয়ে আতঙ্ক ছড়ালেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মোদীর
মন্দির কমিটি সূত্রে খবর, প্রতি সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার বড়মার মন্দির প্রাঙ্গণে প্রায় ৭০০ ভক্তকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়ে থাকে। এছাড়া শনি এবং মঙ্গলবার করে প্রায় ৩০০০ ভক্ত মন্দিরে নিঃশুল্ক ভোগ প্রসাদ পেয়ে থাকেন। কিন্তু মন্দির কমিটির তরফে জানা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে গ্যাস সিলিন্ডার ঠিকমতো না মেলায় ভোগ রান্না করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
মন্দির কমিটির দাবি অনুযায়ী, এত বেশি সংখ্যক ভক্তের জন্য ভোগ তৈরি করতে যে পরিমাণ গ্যাস সিলিন্ডার দরকার হয় তার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। তাই আপাতত মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ‘কোথায় নেতাজির চিতাভস্ম, কী প্রমাণ?’
যদিও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই ফের আগের মতো ভোগ বিতরণ শুরু হবে। তবে মন্দির কমিটির এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই হতাশ ভক্তগণ।
অনেকেই নিয়মিত এই মন্দিরে ভোগ গ্রহণ করতে আসেন। সাময়িক ভাবে ভোগ বিতরণ বন্ধ হয়ে যাওয়াতে সেই সব ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেটাই দেখার।







