শিলিগুড়ি বিধানসভা আসনে ফের প্রার্থী হয়েছেন গৌতম দেব ৷ তাঁ নাম ঘোষণা হতেই উল্লাসে মেতেছেন কর্মী-সমর্থকরা ৷ মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রত্যাশামতো শিলিগুড়ি বিধানসভা আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো । আর গৌতম দেবের নাম ঘোষণা হতেই তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়ে স্লোগান দিতে শুরু করে কর্মী-সমর্থকরা ৷ অন্যদিকে, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা আসনে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শঙ্কর মালাকারকে ৷ তিনি কংগ্রেস থেকে যোগ তৃণমূলে যোগ দিয়েছেন ৷
আরও পড়ুনঃ আসতে পারে বড় সিদ্ধান্ত! আজ ফের আইপ্যাক মামলা সুপ্রিমে
অন্যদিকে, ফাঁসিদেওয়া বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা টোপো এক্কাকে ৷ ওই আসনে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কাকে প্রার্থী করার কথা শোনা গেলেও শেষে রীনা টোপো এক্কার নাম ঘোষণা হয় ৷
এদিকে, সমস্ত জল্পনা ধুয়ে সাফ করে অপ্রত্যাশিতভাবে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে টিকিট দিয়েছে শাসকদল ৷
রাজনৈতিক মহলের সূত্রে জানা গিয়েছে, গৌতম দেব এদিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিয়েছেন ৷ শিলিগুড়ির মেয়র বলেন, “শিলিগুড়ি আমার মাতৃভূমি ৷ এবার এখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব ৷ কাউকে ছোট করব না ৷ সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে আমি শুভেচ্ছা জানাই ৷ কিন্তু বিজেপি প্রার্থী শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে নিজের ওয়ার্ডে তৃতীয় হয়েছে ও খুব বাজেভাবে পরাজিত হয়েছিল ৷ তাঁকে নিয়ে আমার কিছু বলার নেই ৷ এবার শহরের মানুষ শহরের উন্নয়নে ভোট দেবে ৷”
অন্যদিকে, ফাঁসিদেওয়ার প্রার্থী রীনা এক্কা ফাঁসিদেওয়ার কমলাবাগানের বাসিন্দা ৷ ফাঁসিদেওয়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন ৷ তারপর ফাঁসিদেওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য হন ৷ গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন ৷
আরও পড়ুনঃ ‘বাদ’ বাবা-মা, ২৬শে তৃণমূলের বাজি সন্তানরা! জয় প্রায় নিশ্চিত
আর এবার তাঁর উপরেই ভরসা রাখল দল ৷ এই বিষয়ে রীনা এক্কা বলেন, “মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য যা কাজ করেছেন, সেটা কোনও রাজনৈতিক দল করেনি ৷ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সামাজিক প্রকল্প দেয় রাজ্য সরকার ৷ আর এবার আমি আমার সর্বস্ব দিয়ে লড়াই করব ৷”
এদিকে নাম ঘোষণা হতেই বাগডোগরা এলাকায় প্রচার মিছিলে বের হন মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী শঙ্কর মালাকার ৷ সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ৷ শঙ্কর মালাকার বলেন, “এবার বিজেপি কোনও জায়গাই পাবে না ৷ এবার এই বিধানসভায় জোড়াফুল ফুটবেই ৷” এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২৯৪টি আসনের মধ্যে ২২৬টিরও বেশি আসনে জয়ী হবে তৃণমূল ৷







