spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeআবহাওয়াCold Wave: বুধেও জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়; দমদম ৯, শ্রীনিকেতনে ৬ ডিগ্রিতে, কলকাতায়...

Cold Wave: বুধেও জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়; দমদম ৯, শ্রীনিকেতনে ৬ ডিগ্রিতে, কলকাতায় ১০-এর ঘরেই থাকল শীতের কাঁটা

বুধবার ভোরেও ১০ ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই চলবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শীতের তীব্র কামড় আর ঘন কুয়াশার জোরালো দাপটে এই মুহূর্তে কার্যত জবুথবু গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের কারণে রাজ্যজুড়ে পারদ পতন অব্যাহত রয়েছে। মহানগরী কলকাতাতেও শীতের দাপট চরমে। আজও ১০ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শহরতলির দমদমে তাপমাত্রা নেমে গিয়েছে ৯.৮ ডিগ্রিতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের ব্যাটিং আরও ভয়ঙ্কর। আবহাওয়া দপতর বলছে এই সপ্তাহান্ত পর্যন্ত এই ছবিই দেখা যাবে রাজ্যজুড়ে। তবে শনিবার থেকে হাওয়ার কিছুটা বদল দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ মাঝরাতে মসজিদ চত্বরে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! রণক্ষেত্র রাজধানী

বিশেষ করে বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা ৬.৬ ডিগ্রিতে নেমে আসায় তা পাহাড়ি শহর কালিম্পংকেও ছাপিয়ে গিয়েছে। কালিম্পংয়ে আপাতত ৬ এর উপরেই সর্বনিম্ন তাপমাত্রা। হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট বজায় থাকায় আজও রাজ্যজুড়ে ‘শীতল দিন’-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কুয়াশার প্রভাব দেখা গিয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও। এদিন সকাল আটটা নাগাদ বিমানবন্দরের দৃশ্যমানতা মাত্র ৫০ মিটারে নেমে আসে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও বিমান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ‘ক্যাট থ্রি’ (CAT III) আলোক প্রযুক্তি। রানওয়ে ও সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় যান্ত্রিক সহায়তায় বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কুয়াশার জেরে বিমান সূচিতে কিছুটা রদবদল হওয়ার সম্ভাবনা থাকলেও প্রযুক্তিগতভাবে পরিষেবা সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

পশ্চিমের জেলাগুলিতেও শীতের ঝোড়ো ব্যটিং অব্যাহত। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও হাড় কাঁপানো ঠান্ডায় কার্যত জবুথবু বাঁকুড়া জেলার মানুষ। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গের ডুয়ার্স সহ ধূপগুড়ি ব্লকেও শীত ও কুয়াশার জোড়া ফলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানেও তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে। বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকা এবং ভুটান সীমান্ত লাগোয়া অঞ্চলগুলি ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তায় যান চলাচল ধীর গতিতে চলছে। দৃশ্যমানতা কম থাকায় অনেক গাড়ি চালককে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশার এই চাদর ভেদ করে গন্তব্যে পৌঁছাতে গিয়ে সকালের ব্যস্ত সময়ে স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

চলতি মরসুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। এই শতকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের ৯ জানুয়ারি। সেই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড যদিও এখনও ভাঙতে পারেনি চলতি মরসুমে শীতের ইনিংস। বুধবারও অব্যাহত রইল সেই রেকর্ড! বুধবার ভোরেও ১০ ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই চলবে। জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা-সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে কিছু জেলায়। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুনঃ জ্বলছে পদ্মাপার; হলদিয়ায় বড় পরিকল্পনা ভারতীয় নৌসেনার

মঙ্গলবার ১০.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল কলকাতার পারদ। সঙ্গে চলছিল কনকনে ঠান্ডা হাওয়ার দাপট। সকাল থেকে কুয়াশার চাদরে মুড়ে ছিল শহরের বেশির ভাগ এলাকা। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। সেই তুলনায় বুধবার পারদ সামান্য চড়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবারের থেকে ০.১ ডিগ্রি বেশি হলেও তা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে।

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাই কুয়াশাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আট জেলায়, দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। বুধবার ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন