সোমেন দত্ত, কোচবিহারঃ
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পরীক্ষার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। যদিও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
আরও পড়ুনঃ কর্মীদের চাপ কমাতে অফিসে ৩০ মিনিটের বিরতি চালু করল এই সংস্থা; কিন্তু কি সেই বিরতি?
জানা গিয়েছে, সোমবার ওই স্কুলে মিড ডে মিল রান্না চলছিল। আচমকা গ্যাসের পাইপ লিক করে। তা থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা সিলিন্ডার। কোনওক্রমে সিলিন্ডারটি রান্নাঘর থেকে বের করে আনা হয়। যাতে প্রত্যেক পরীক্ষার্থী সুরক্ষিত থাকে তাই স্কুলের মাঠে সিলিন্ডারটি ফেলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে স্কুলচত্বর-সহ গোটা এলাকা। মাধ্যমিক পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও জড়ো হয়ে যান। স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও দৌড়ে আসেন। কিছুক্ষণের মধ্যে শিক্ষকদের আশ্বাসে স্কুল পড়ুয়ারা শান্ত হয়। আবার পরীক্ষা দেওয়া শুরু করে তারা। এই ঘটনার খবর পৌঁছয় মধ্যশিক্ষা পর্ষদে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আধিকারিকরা।
পুলিশ কর্মীরাই জ্বলন্ত সিলিন্ডারটি দ্রুত টেনে স্কুল ভবনের বাইরে মাঠের মাঝখানে নিয়ে যান। ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে। কিন্তু দমকল বাহিনী পৌঁছানোর আগেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। ততক্ষণে ব্যাপক আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত পরীক্ষার্থীরা পরীক্ষা ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে।
আরও পরুনঃ পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি; গাড়িতে প্রশ্নপত্র আর পুলিশ!
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তুফানগঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, এসডিপিও কান্নেধারা মনোজ কুমার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, “পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা সম্পন্ন করেছে।” প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। শেষ হবে আগামী ১২ তারিখ। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ থেকে। শেষ হওয়ার কথা দুপুর ২টোয়। মাধ্যমিক পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়, সে কারণে একাধিক ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ১৫টি রুটে কুড়িটিরও বেশি বাস চলছে। আবার উত্তরবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলিতে মূল সমস্যা হাতির আনাগোনা। সেখানকার পরীক্ষার্থীরা যাতে বিপদে না পড়ে তাই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য বনদপ্তরের তরফে বিশেষ বন্দোবস্তও করা হয়েছে।









