কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
সর্বকালের সেরা রেকর্ড ভেঙে আয় দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের । যা বিগত ১৪৪ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে ৷ আর এতে ব্যাপক খুশি পর্যটনমহল । এই সফলতার পিছনে প্রত্যেক পর্যটনমহল, হোটেল ব্যবসায়ী থেকে পাহাড়বাসীকে ধন্যবাদ জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ।
এই বিষয়ে দার্জিলিং হিমালয় রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, “২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সর্বকালের সবরকম রেকর্ড ভেঙে ডিএইচআরের আয় হয়েছে । পাশাপাশি রেকর্ড ভেঙে আয় হয়েছে দেশ ও বিদেশি পর্যটকদের আগমনেও ।”
আরও পড়ুনঃ শিল্পহীন রাজ্যে শুধু ‘ভাতা আর ভাতা’! ভোটমুখী ‘দিশাহীন-কর্মসংস্থানহীন’ বাজেটে ‘কল্পতরু’ মমতা
ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারির আগে পর্যন্ত পর্যটকদের পরিষেবা দিতে রেল কর্তৃপক্ষের তরফে ভর্তুকি দেওয়া হত । কিন্তু তারপর থেকে রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় হেরিটেজ শিরোপা অর্জন করার পর থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে শৈলরানির এই ‘খেলনা গাড়িকে’ । এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন রেল বোর্ডের সদস্য তথা দার্জিলিং হিমালয়ান রেলের বর্তমান ডিরেক্টর ঋষভ চৌধুরী । ডিএইচআরের নিত্য নতুন পরিষেবা, প্রাচীন ঐতিহাসিক স্টিম ইঞ্জিন ও কামরাকে পুনরজ্জীবিত করার উদ্যোগ নেন তিনি । আর তাতেই বাজিমাত ।
ঋষভ চৌধুরীর কথায়, “২০২৪ সালের তুলনায় ডিএইচআর এবার ১৬ শতাংশ বেশি আয় করেছে । যা দার্জিলিং হিমালয়ান রেলের সর্বকালের রেকর্ড । ২০২৫ সালে ডিএইচআরের আয় হয়েছে ২৪.৬ কোটি টাকা । গত বছর আয় ছিল ২১.২ কোটি টাকা ছিল । পর্যটকদের সংখ্যাও বেড়েছে । ২০২৪ সালে ১.৭৪ লক্ষ পর্যটকরা টয়ট্রেনের পরিষেবা গ্রহণ করছে । যা ২০২৫ সালে ২ লক্ষ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে । আর এতে প্রত্যেক ডিএইচআরের কর্মী খুশি ।”
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, “করোনার পর থেকে রেল কর্তৃপক্ষ টয়ট্রেনকে আরও বেশি প্রচারের আলোয় আনতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে । যার ফলে আজকে আয় বেড়েছে । তবে আমরা চাই, টয়ট্রেনের মতো পরিষেবাকে আরও বেশি স্বাভাবিক রাখতে পাহাড় বেশি সহযোগিতার প্রয়োজন রয়েছে । তার জন্য রেল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে ।”
আরও পড়ুনঃ লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস! ওড়িশায় ফের রেল দুর্ঘটনা
এই সফলতার পিছনে, নতুন পরিষেবা, ইতিহাসের পাতা থেকে তুলে আনা অজানা সব তথ্য, প্রাচীন হেরিটেজ ইঞ্জিন ও কামরা থেকে শুরু করে পর্যটকদের আকর্ষিত করতে প্রাচীন ব্রিটিশ আমলের মিউজিয়ামকে ঢেলে সাজিয়ে তোলাকে মূল কারণ হিসেবে ভাবছে ডিএইচআর ও পর্যটনমহল । আরও আকর্ষণ বাড়াতে এবার টয়ট্রেনের মধ্যেই বিয়ের মতো অনুষ্ঠান করার দিকেও ঝুঁকছে কর্তৃপক্ষ ৷ এতে স্থানীয় ও দূরদূরান্তের পর্যটকরা আরও বেশি করে ভিড় জমাবে বলে আশা ৷
কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গরমের ছুটির আগে দার্জিলিং হিমালয়ান রেলকে আরও বেশি প্রচারে আলোয় আনতে চারটি নতুন জয়রাইড পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । গরমের ছুটিতে, ওই চারটি পরিষেবা ছুটবে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত । এর পাশাপাশি, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে তিনধারিয়া পর্যন্ত বেসরকারি সংস্থার হাত ধরে ছুটবে হেরিটেজ টয়ট্রেন পরিষেবা । চলতি বছরেই ওই পরিষেবা সরকারিভাবে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে অনিয়ম-দুর্নীতির রেল কর্তৃপক্ষের তরফে । গরমের ছুটিতে ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিনকেও ছুটতে দেখা যাবে পাহাড়ের আঁকে বাঁকে ।









