চলতি সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ায় কিছুটা বদল এসেছে । বঙ্গের বাতাসে ভোর এবং রাতে ঠান্ডা খানিকটা অনুভূতি হচ্ছে বইকি ৷ পারদের কাঁটাও নীচের দিকে নেমেছে ৷ তবে এই পারদ পতন হলেও তা সাময়িক । এদিকে দুপুর গড়াতেই গায়ে লাগছে গরমের ছোঁয়া ৷
আরও পড়ুনঃ BiG BreakinG, ইডেনে বিশ্বকাপের রাতে স্পেশাল মেট্রো
কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নীচে । তবে, আর দু’দিন পরই এই পরিস্থিতির বদল হবে । ফের তাপমাত্রা বাড়বে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এক ঝটকায় ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ ।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ, ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে । সমুদ্রপৃষ্ঠের উপর তা দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । আগামী ২ মার্চ অর্থাৎ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে । পয়লা মার্চ ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটিতে আবহাওয়া সংক্রান্ত এখনও কোনও সতর্কতা নেই । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷ দিনে গরম বাড়বে । এমনকী, দোলে তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভবনা রয়েছে । এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ।
পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে দোলের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আবহবিদরা । সব মিলিয়ে আপাতত ঠান্ডার শিরশিরানি হালকাভাবে থাকলেও তা দ্রুতই পরিবর্তনের পথে হাঁটবে । আজ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ এবং ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
আরও পড়ুনঃ ব্যাটে-বলে তাণ্ডব টিম ইন্ডিয়ার; কেঁপে যাওয়া ভারতকে লড়াই-ই দিতে পারল না জ়িম্বাবোয়ে
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত এখনও রয়েছে । বৃহস্পতিবার দক্ষিণের শীতলতম স্থান ছিল কল্যাণী ৷ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গের সমতলের মধ্যে শীতলতম স্থান দখল করেছে পুণ্ডিবাড়ি ৷ সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস । পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ডিগ্রি সেলসিয়াস । তবে উত্তরবঙ্গেও আগামী দু’দিন পর থেকে পারদ চড়বে । মার্চের শুরু থেকে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ার বদলে গ্রীষ্মের আবাহনী বাড়তে থাকবে ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি নীচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৩৬ ও সর্বোচ্চ ৮৫ শতাংশ ।








