পয়লা এপ্রিল থেকে বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে। জাতীয় সড়কের ফাস্ট্যাগের ক্ষেত্রেও বদলে যেতে চলেছে নতুন নিয়ম। এপ্রিল মাস পড়লেই বাড়তে চলেছে খরচ। নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত চার চাকার গাড়ির জন্য ৩০০০ টাকার পাস নতুন আর্থিক বছরে ৩০৭৫ টাকা হতে চলেছে। এদিকে এ বিষয় নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছেন বাস চালকরা।
আসলে ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল প্লাজা গুলিতে নগদ লেনদেন বন্ধ হয়ে যেতে চলেছে। বাস মালিকদের দাবি অনুযায়ী, কর্মীরা সকালে একবার টোল ফি দিয়ে সারাদিনের জন্য পাস নিয়ে থাকে। কিন্তু নতুন নিয়মে নগদ লেনদেন করা সম্ভব হবে না। আবার সব বাস চালকরা এর ব্যবহারও জানেন না।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় হিরণ-অর্জুন চমক বিজেপির
সেই সঙ্গে ফাস্ট্যাগ বা ইউপিআই ব্যবহার করলে বাড়বে টোল খরচ। এর জেরে স্থানীয় বাস রুটের মালিকদের সমস্যা বাড়বে। বাস মালিকদের দাবি, বাস রুটগুলির জন্য ছাড় দেওয়া হোক। সেইসঙ্গে নগদ লেনদেন আপাতত চালু রাখার দাবিও জানানো হয়েছে। টোল ফি-ও না বাড়ানোর কথা বলা হয়েছে।
সঙ্গে এও বলা হয়েছে, দাবি না মানলে ১ এপ্রিল থেকেই বাস টোল পার করবে না। এমনটাই জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। আরও দাবি জানানো হয়েছে, অটো, টোটোর মতো ধীরগতির যানবাহনগুলির চলাচল জাতীয় সড়কে বন্ধ করতে হবে। পাশাপাশি সার্ভিস রোডে ট্রাক সহ অন্যান্য যানবাহনের পার্কিং বন্ধ, টোল প্লাজায় রুট বাসের জন্য আলাদা লেনের দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ৪ঠা মে স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? দেখে নিন এখানে
সংগঠনের তরফে বলা হয়েছে, টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধ থাকলে রুটের বাস বন্ধ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না তাদের কাছে। এতে অনেক যাত্রীরাও সমস্যায় পড়বে। সম্পূর্ণ দায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপরে পড়বে বলেও জানিয়েছে সংগঠন।




