নিজের গড়ে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। লাভপুর বিধানসভার উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার সকালে প্রচার সূচি অনুযায়ী উত্তর দুর্গাপুর গ্রামে পৌঁছান প্রার্থী। কিন্তু গাড়ি গ্রামে ঢুকতেই বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের প্রধান অভিযোগ মূলত সরকারি আবাসন প্রকল্প বা ‘বাংলার বাড়ি’ নিয়ে। তাঁদের দাবি, দীর্ঘ সময় ধরে বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রকৃত উপভোক্তারা মাথার ওপর পাকা ছাদ পাননি। এছাড়া গ্রামের মন্দির সংস্কারের যে প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছিল, তা এখনও পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ কন্ঠ দিয়ে কোটি মানুষের মন জয়; চুপিচুপি কেন এমন কাণ্ড ঘটালেন গায়ক!
পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি থেকে নেমে আসেন অভিজিৎ সিনহা। তিনি উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। প্রার্থীর আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ উত্তপ্ত হয়ে উঠেছে নয়ডার সেক্টর ৮০, আজ নতুন করে অশান্তি
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া এবং অনুন্নয়নের এই অভিযোগ শাসক শিবিরের জন্য অস্বস্তির কারণ হতে পারে। যদিও প্রার্থীর দাবি, মানুষের কিছু ক্ষোভ থাকতেই পারে, কথা বলে তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে নির্বাচনের আগে এই বিক্ষোভ বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল বলে মনে করা হচ্ছে।



