২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তাপ বীরভূমের মাটিতে আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শনিবার ময়ূরেশ্বর বিধানসভার বীরচন্দ্রপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ করেন তিনি। সুকান্তবাবু দাবি করেন, এবার বিজেপির জয় কেবল রাজ্যের সরকার পরিবর্তন করবে না, বরং এর প্রভাব পড়বে সীমান্তের ওপারেও। তাঁর কথায়, “বীরভূমের মাটিতে পদ্মফুলের বোতাম টিপলে সেই ঝটকায় পাকিস্তান ও বাংলাদেশের হার্ট অ্যাটাক হবে।”
আরও পড়ুনঃ ‘খেলা শেষ’, তৃণমূলকে হুঁশিয়ারি আদিত্যনাথের
অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে তাঁকে বিঁধে সুকান্ত মজুমদার বলেন, “যাঁরা তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে চোখে চোখ রেখে লড়াই করছেন, সেই বিজেপি কর্মীরাই আসল বাঘ। যাঁরা স্রোতের বিপরীতে নৌকা চালান, তাঁরাই বাপের ব্যাটা। আর যাঁরা নিজেদের বাঘ বলে দাবি করতেন, তাঁরা এখন বিড়ালে পরিণত হয়েছেন। এই নকল বাঘদের ভয় পাওয়ার কিছু নেই, ভোটের পর এদের খুঁজেই পাওয়া যাবে না।”
আরও পড়ুনঃ ‘চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে বাজাব’, হুঁশিয়ারি হুমায়ুনের
এদিন সভা থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও কড়া বার্তা দেন সুকান্ত। তিনি দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী বিপুল পরিমাণ লাঠি সংগ্রহ করেছে এবং তৃণমূল নেতাদের পিঠে সেই লাঠি ভাঙার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে রাজ্য পুলিশকে ইঙ্গিত করে তিনি বলেন, “তৃণমূল নেতারা এখনই সাবধান হোন। বিজেপি সরকার গঠনের পর এই পুলিশই আপনাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে।” এদিনের সভায় সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল এবং বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামপদ মণ্ডল। বীরভূমের এই হাইভোল্টেজ রাজনৈতিক বাগযুদ্ধ নির্বাচনের আগে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।



