ময়দানের প্রবাদপ্রতিম প্রাণপুরুষ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্বপনসাধন বসুর (টুটু) স্মৃতিতে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরটি হবে আগামী ৭ জুন ২০২৬, রবিবার কলকাতার ঐতিহ্যবাহী হেদুয়া পার্কে।

এই রক্তদান শিবির আয়োজন করেছে ‘উত্তর কলকাতা উদয়ের পথে’। আয়োজক সংস্থার পক্ষ থেকে সম্পাদক প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জী সকল ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষকে এই মহৎ উদ্যোগে শামিল হওয়ার সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুনঃ তৃনমূলের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ! সাবধান BJP, বেনোজল ঢুকছে, দায়ী স্থানীয় নেতারা
কলকাতা ও দেশের ফুটবল মহলে টুটু বোসের অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি। মোহনবাগান ক্লাবের উন্নতিস্বার্থে তাঁর অবদান ভোলার নয়। মোহনবাগানের যেকোনও বিপদে-আপদে সর্বদা ত্রাতার ভূমিকায় এগিয়ে আসতেন টুটু বসু। গত ১২ মে তিনি পাড়ি দেন অনন্তের উদ্দেশ্যে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেখানেই তিনি টুটু বসুর বাড়ির সদস্যদের কাছে অনুরোধ করেন, তাঁর স্মরণসভা যেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করতে দেওয়া হয়। সেই মতোই ময়দানের এই প্রবাদপ্রতিম কর্মকর্তার স্মরণসভা নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হবে। তবে তাঁর মতো একজন বড় মাপের ‘ক্রীড়াপ্রেমী’কে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ‘উত্তর কলকাতা উদয়ের পথে’-র তরফ থেকে।
আরও পড়ুনঃ ধর্মীয় আচারে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে চর্চা বঙ্গ রাজনীতিতে!
এবারে এই শিবিরের মূল আকর্ষণ হতে চলেছে রক্তদাতাদের জন্য তৈরী নামাঙ্কিত বিশেষ স্মারক। উত্তর কলকাতা উদয়ের পথে-র তরফ থেকে জানানো হয়েছে, রক্তদাতাদের একটি স্মারক দেওয়া হবে। এর পাশাপাশি, দাতাদের যে বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে, তাতে ডিজিটাল স্বাক্ষর থাকবে সদ্য বিশ্বজয়ী ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের। ময়দানের এই প্রিয় ব্যক্তিত্বকে স্মরণ করার এই অভিনব ও মানবিক উদ্যোগে বিপুল সাড়া মিলবে বলে আশাবাদী উদয়ের পথে-র কর্মীবৃন্দ।



