দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর ফলে নিম্নচাপ পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ড সীমান্তে অবস্থান করলেও প্রত্যাশিত ভারী বর্ষণের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না।
বর্তমান উপগ্রহ চিত্র ও আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টি হতে পারে, তবে তা হবে ক্ষণস্থায়ী। বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বর্ষণ বা বড় ধরনের আবহাওয়া জনিত দুর্যোগের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
অন্যদিকে, সমগ্র ভারতজুড়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কার্যকলাপ এল নিনোর প্রভাবে দুর্বল অবস্থায় রয়েছে। পূর্ব ভারতে একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা তৈরি হলেও, সেই অনুযায়ী বৃষ্টিপাতের বিস্তার এখনও আশানুরূপ নয়।
আরও পড়ুনঃ প্রশ্নের মুখে গগনযানের স্বপ্ন! ইসরোর চাকরি ছাড়ছেন বিজ্ঞানীরা
আজ কেমন থাকবে আবহাওয়া?
রথের দিনের মতোই আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ১৭ জুলাই বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আইএমডি। এছাড়া ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি।
যদিও শুধু এই সব জেলা নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
রথের দিন ভালই ভিজেছে কলকাতা। আর শুক্রবারও সেই ট্রেন্ডই বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এই দিন কলকাতা ও পাশ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ বাইরে বেরলে হাতে ছাতা থাকা মাস্ট।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন; নৈহাটি জংশনে আধুনিকীকরণের কাজ
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে ১৯ জুলাইয়ের পর থেকে সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর। এছাড়া ধস নামার আশঙ্কাও রয়েছে। তাই এই সময় যাঁরা উত্তরবঙ্গে যাচ্ছেন, তাঁরা একটু সাবধান থাকুন। সব পরিস্থিতি বিচার করেই ঘোরাফেরা করুন।
মৎস্যজীবীদের উদ্দেশে নিষেধাজ্ঞা
তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে উত্তাল থাকতে পারে সমুদ্র। তাই শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


