নয়াদিল্লি:
পণ্যের প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর দাবি ও বিজ্ঞাপনের অপরাধে ডাবর ইন্ডিয়া (Dabur India)-র কমপক্ষে সাতটি জনপ্রিয় সামগ্রীর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল ভারতের খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থার অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে পণ্যের গায়ে ‘১০০% বিশুদ্ধ’, ‘১০০% প্রাকৃতিক’ বা ‘১০০% জৈবিক (অর্গানিক)’-এর মতো বিভ্রান্তিকর শব্দবন্ধ ব্যবহার করে ক্রেতাদের ভুল বোঝানো হচ্ছিল।
আরও পড়ুনঃ ‘রেস্ট অ্যান্ড রিকভারি’; আধুনিক ফিটনেস বিজ্ঞানের নতুন দিশা
নিষিদ্ধ হওয়া ডাবরের ৭টি পণ্য:
১. ডাবর মধু (Dabur Honey)
২. অ্যাপল সিডার ভিনিগার (Apple Cider Vinegar)
৩. ভার্জিন নারকেল তেল (Virgin Coconut Oil)
৪. তিলের তেল (Sesame Oil)
৫. গরুর ঘি (Cow Ghee)
৬. ডাবের জল (Real Coconut Water)
৭. নারকেলের দুধ (Coconut Milk)
কেন এফএসএসএআই (FSSAI)-এর এই কড়া পদক্ষেপ?
-
বিভ্রান্তিকর বিজ্ঞাপনী দাবি: FSSAI-এর ২০১৮ সালের খাদ্য নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, প্যাকেটের গায়ে ‘১০০% পিওর’, ‘১০০% ন্যাচারাল’ কিংবা ‘১০০% অর্গানিক’ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। বৈজ্ঞানিক নিরিখে এই ধরণের ‘১০০ শতাংশ’ সুনির্দিষ্টভাবে প্রমাণ করা সম্ভব নয়।
-
অনুমতি ছাড়া ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার: ‘ডাবর অর্গানিক হানি’ এবং ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার’-এর প্যাকেজিংয়ে বৈধ অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার করা হচ্ছিল।
-
নোটিশ উপেক্ষা: পূর্বে কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) পাঠানো হলেও সংস্থাটি কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি।
আরও পড়ুনঃ লন্ডনে চালুর কয়েক সপ্তাহের মধ্যেই সাময়িকভাবে বন্ধ হলদিরাম’স-এর প্রথম আউটলেট
১৫ দিনের মধ্যে রিপোর্ট ও বিজ্ঞাপন সরানোর নির্দেশ
FSSAI-এর তরফে ডাবরকে আগামী ১৫ দিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (Action Taken Report) জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ও প্যাকেজিং থেকে এই ধরণের সমস্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও লেবেল অবিলম্বে তুলে নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
ডাবরের প্রতিক্রিয়া:
নোটিশ পাওয়ার কথা স্বীকার করে ডাবর ইন্ডিয়া জানিয়েছে, “আমরা এফএসএসএআই-এর নির্দেশিকা পেয়েছি। নোটিশে উল্লেখ থাকা সমস্ত পণ্যের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ও সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”


