বিশেষ জাতীয় প্রতিনিধি, নতুন দিল্লি:
আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যদি কখনো যুদ্ধ বাধে, তবে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পক্ষেই দাঁড়াবে—রাজস্থান বিজেপি প্রধান মদন রাঠোরের এই মন্তব্যে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। পড়শি দেশের প্রতি বিজেপির রাজ্য সভাপতির এমন নরম মনোভাবের তীব্র সমালোচনা করে একে সরাসরি ‘দেশ-বিরোধী’ মন্তব্য বলে তোপ দেগেছে কংগ্রেস ও আম আদমি পার্টি (AAP)। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করছেন, ওই নেতার বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
ঠিক কী বলেছিলেন মদন রাঠোর?
গত বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাজস্থানে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর ভারত ও পাকিস্তানের ভূ-রাজনৈতিক সম্পর্ক নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। জনসভায় তিনি বলেন, “যদি ভারতের কথা বলি, তাহলে আজ পাকিস্তান ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব কারণ ওরা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন বিষয়টি আমাদের মধ্যে হবে, তখন আমরা আমাদের ভারতের পাশেই দাঁড়াব। তাই না? এটা বুঝতে হবে।“
তাঁর এই যুক্তির মূল ভিত্তি ছিল যে, আমেরিকার মতো দূরবর্তী দেশের তুলনায় পাকিস্তান ভারতের নিকটবর্তী প্রতিবেশী, তাই ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে পড়শি দেশকে সমর্থন করা উচিত। তবে দ্বিপাক্ষিক লড়াইয়ের ক্ষেত্রে যে ভারত সবসময় নিজের দেশের পক্ষেই থাকবে, তাও তিনি স্পষ্ট করার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ের পরেও বিজেপির তাণ্ডব! নৈহাটি ও শিবপুরে সিপিএমের বুক স্টলে হামলা
বিরোধীদের তীব্র আক্রমণ
মদন রাঠোরের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা একযোগে বিজেপিকে আক্রমণ করতে আসরে নামে।
-
কংগ্রেসের তোপ: কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ এই মন্তব্যকে ‘দেশ-বিরোধী’ আখ্যা দিয়ে বলেছেন, বিজেপির জঙ্গিপন্থী পাকিস্তানের প্রতি আসল ভালোবাসা আরও একবার এই বক্তব্যের মাধ্যমে উন্মোচিত হয়েছে। তিনি তীব্র ভাষায় প্রশ্ন তুলেছেন যে, দেশের একটি শাসক দলের রাজ্য প্রধান কীভাবে এমন মন্তব্য করতে পারেন? অবিলম্বে বিজেপির শীর্ষ নেতৃত্বকে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছে কংগ্রেস।
-
আপের আক্রমণ: আম আদমি পার্টির (AAP) পক্ষ থেকেও মদন রাঠোরের এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং ভারতের বৈদেশিক নীতির সঙ্গে এমন মন্তব্য সাংঘর্ষিক বলে অভিযোগ তুলেছে আপ নেতৃত্ব।
বিজেপির সাফাই
অন্যদিকে, রাজ্য বিজেপির শীর্ষ নেতার এই বিতর্কিত মন্তব্য নিয়ে চারদিক থেকে চাপ বাড়তেই আসরে নামেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, মদন রাঠোরের বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে বা খণ্ডিতাংশে উপস্থাপন করা হচ্ছে। তিনি কেবল কূটনীতিতে প্রতিবেশীর গুরুত্ব বোঝাতে চেয়েছেন, দেশের অখণ্ডতা বা নিরাপত্তার প্রশ্ন এলে ভারত যে সবসময় নিজের স্বার্থকেই সর্বাগ্রে রাখবে, তাও তিনি বক্তব্যে স্পষ্ট করেছিলেন বলে দাবি করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তবে এই সাফাইয়ের পরেও জাতীয় রাজনীতিতে এই মন্তব্য ঘিরে বিতর্ক থামছে না।


