কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
মোবাইলে কথা বলার খেসারত চোকাতে হলো প্রাণের বিনিময়ে! বুধবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।
ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে আশিঘর ট্রাফিক গার্ড ও আশিঘর ফাঁড়ির পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাইক চালানোর সময় ওই যুবক ফোনে কথা বলছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কথা বলার অমনোযোগিতার কারণেই বাইকের ভারসাম্য রক্ষা করতে পারেননি তিনি, যা এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাইক আরোহী যুবকটি বানেশ্বর মোড় থেকে আশিঘর মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি লরির ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং লরির চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরেই ঘাতক লরিটি নিয়ে চালক দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা; উদ্ধারকাজে সেনা
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর সাব ট্রাফিক গার্ড এবং আশিঘর ফাঁড়ির পুলিশ । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাইক চালানোর সময় ওই যুবক ফোনে কথা বলছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কথা বলার অমনোযোগিতার কারণেই বাইকের ভারসাম্য রক্ষা করতে পারেননি তিনি, যা এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।


