কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে আগামী ২২ জানুয়ারি থেকে অনশনে বসার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ আত্মসমর্পণের নির্দেশ, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন BDO প্রশান্ত বর্মন
চিঠিতে শঙ্কর ঘোষ উল্লেখ করেছেন, শিলিগুড়ি বিধানসভা এলাকার একাধিক নাগরিক সমস্যা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ) এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে।
বিজেপি বিধায়কের দাবি, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে সহযোগিতা না মেলায় বাধ্য হয়েই তিনি অনশনের পথ বেছে নিতে চলেছেন। ২২ জানুয়ারি থেকে শিলিগুড়িতে এই অনশন শুরু হবে বলে চিঠিতে স্পষ্ট করে জানিয়েছেন শঙ্কর ঘোষ।
আরও পড়ুনঃ হাইওয়ে অবরোধ! SIR হিয়ারিংয়ে হয়রানির অভিযোগে বাসন্তীতে বিক্ষোভ
তিনি আরও জানান, এই আন্দোলনের উদ্দেশ্য কোনও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা নয়, বরং শিলিগুড়ির নাগরিক স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। চিঠির প্রতিলিপি জেলা শাসক, পুলিশ কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এবং এসজেডিএ-র আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, অনশন-হুঁশিয়ারির এই ঘোষণায় শিলিগুড়ির প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি নতুন করে চাপে পড়তে চলেছে। এখন দেখার, রাজ্য সরকার এই চিঠির প্রেক্ষিতে কী পদক্ষেপ করে।









