“পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গেই পরিবর্তন আসবে।” বৃহস্পতিবার হলদিয়ার ‘বিজয় সংকল্প সভা’ থেকে এভাবেই রাজ্যে পালাবদলের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এদিন হলদিয়ায় মেগা জনসভা করেন তিনি।
আরও পড়ুনঃ মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অমলিন; বাম বাড়লে রাম কমবে, একপেশে হবে না ছাব্বিশের লড়াই
বাংলায় ক্ষমতা দখলে কার্যত ‘কার্পেট বম্বিং’ প্রচার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার রাজ্যের তিন জেলা হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে প্রধানমন্ত্রীর তিনটি মেগা সভার আয়োজন করা হয়েছে। এদিন খারাপ আবহাওয়ার কারণে হলদিয়ার সভা শুরু হতে কিছুটা বিলম্ব হয়। প্রধানমন্ত্রীর আগে মঞ্চে বক্তব্য রাখেন প্রার্থী শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বাংলায় আসল পরিবর্তন আসবে।”
আরও পড়ুনঃ কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতি; রাজ্যের ১০০% বুথে ওয়েব কাস্টিং
এরপরই মাইক্রোফোন হাতে নিয়ে তৃণমূল নেত্রীর খাসতালুক ভবানীপুরকে সরাসরি নিশানা করেন মোদী। নন্দীগ্রামের ঐতিহাসিক পটভূমিকে তুলে ধরে ভবানীপুরেও পদ্ম ফোটানোর জোরালো ডাক দেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে মোদী-শুভেন্দুর যুগলবন্দিতে এদিন রীতিমতো সরগরম ছিল হলদিয়ার প্রচার মঞ্চ।



