আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করতে এবার বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, এবারের নির্বাচনে রাজ্যের ১০০% বুথ থেকেই ওয়েব কাস্টিং করা হবে। তবে এই ওয়েব কাস্টিং নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বুধবার একটি বিশেষ বিবৃতি জারি করেছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
আরও পড়ুনঃ সরগরম ভোটের ময়দান; আজ শুরু হল অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ
সম্প্রতি কমিশনের নজরে এসেছে যে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী ওয়েব কাস্টিংয়ের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ ভোটারদের মনে সংশয় তৈরি করার চেষ্টা করছে। অনেকেই ভয় পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে তাঁদের ভোটদানের গোপনীয়তা নষ্ট হতে পারে। এই বিষয়ে কমিশন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে, কোনো অবস্থাতেই এই ক্যামেরা ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না। কমিশনের কথায়, “আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন।”
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা, অধীর চৌধুরীর গাড়িতে ধাক্কা ট্রাকের
কমিশন জানিয়েছে, প্রতিটি বুথে দুই থেকে তিনটি করে ক্যামেরা বসানো থাকবে। এই ক্যামেরাগুলির মূল কাজ হল:
• বুথের ভিতর ও বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা।
• কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া।
• প্রতিটি বুথকে সরাসরি কমিশনের নজরদারির আওতায় আনা।
নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে, ক্যামেরাগুলি শুধুমাত্র ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহার করা হবে, ভোট দেওয়ার মুহূর্তের ওপর নজর রাখার জন্য নয়। স্বচ্ছ নির্বাচনের জন্য কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেদিকে নজর রাখছে।



