পুরসভার তৈরি ভ্যাট ভেঙে রাস্তা এবং ফুটপাথ দখল করে পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুনঃ পদ্মাপারে গৃহযুদ্ধ! অশান্ত বাংলাদেশে জ্বলল ইউনুসের ১০০ গ্রামীণ ব্যাঙ্ক
কী অভিযোগ স্থানীয়দের? ঘটনাটি পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি স্ট্রিট এলাকার। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, ঘোলার পুরনো পোস্ট অফিস মোড় সংলগ্ন ওই পুরসভার ভ্যাটে বাজারের ব্যবসায়ী ও এলাকার মানুষ আবর্জনা ফেলতেন। কালীপুজোর পর হঠাৎ করেই ভ্যাটটি ভাঙার কাজ শুরু হয় এবং স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেই সেখানে পার্টি অফিস তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
বাসিন্দাদের আরও দাবি:
-
পার্টি অফিস নির্মাণে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।
-
বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতেই জায়গাটি সাফ করে নির্মাণের কাজ শুরু হয়।
-
ভ্যাট ভাঙার পাশাপাশি সংলগ্ন রাস্তা ও ফুটপাথও দখল করে নেওয়া হয়েছে।
পুরসভায় লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ হিলি থানার এএসআই-এর বিরুদ্ধে টাকা আদায় ও গোরু বিক্রির অভিযোগ! এসপির কাছে লিখিত অভিযোগ বৃদ্ধের
বিজেপি নেতৃত্বের বক্তব্য ও আশ্বাস এই বিতর্কের মাঝে বিজেপির পানিহাটি ৩ নম্বর মণ্ডল সভাপতি অভিষেক পাল দাবি করেছেন, ভ্যাটটি নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যেই অভিযোগ ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দারাই ভ্যাট বন্ধ করে পার্টি অফিস তৈরির অনুরোধ করেছিলেন, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক পরিষেবা পাবেন।
তবে রাস্তা বা ফুটপাথ দখলের অভিযোগ প্রসঙ্গে আশ্বাস দিয়ে অভিষেক পাল জানান, সত্যিই যদি রাস্তা দখল করে অবৈধভাবে পার্টি অফিসটি নির্মাণ করা হয়ে থাকে, তবে সরকারি নিয়ম মেনেই তা ভেঙে ফেলা হবে।


